সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

মধুপুরে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম একযোগে রাস্তাঘাটসহ নানামুখী উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন। এতে দুই উপজেলার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তৃণমূলের জীবনমান উন্নয়নে মন্ত্রী নিজ এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং ডাক বিভাগের ডিজিটাল সেবা সম্প্রসারণে বিশেষ জোর দিয়েছেন। একই সাথে স্যাটেলাইট ও ড্রোন প্রযুক্তির মাধ্যমে কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং তরুণদের আইটি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন। ২০০৬ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠায় তার প্রধান ভূমিকা ছিল। বর্তমানে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। সম্প্রতি তার হস্তক্ষেপে দীর্ঘদিন পর ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি বলেন, মন্ত্রী ফকির মাহবুব আনাম একজন সৎ ও নীতিবান মানুষ। তিনি এলাকায় অন্যায়, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। স্থানীয় বীরতারা ইউনিয়নের ভুক্তভোগী ও কৃষকেরা জানান, নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে মন্ত্রী যেভাবে কাজ করছেন, তাতে ধনবাড়ী-মধুপুরের চেহারা বদলে যাচ্ছে। ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা।

র‌্যাগিংয়ে জড়িত ৭২ শিক্ষার্থীকে শোকজ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে ২৫ ও ২৬ ব্যাচের ৭২ জন শিক্ষার্থীকে শোকজ করেছে প্রশাসন। ক্যাম্পাসের বিসিএস গলি, কর্ণাই, পুকুরপাড় ও মেসে র‌্যাগিংয়ের খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গেলে প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের শোকজ করা হয়। ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। শোকজপ্রাপ্তদের মধ্যে ভেটেরিনারি অনুষদের ২৬ ব্যাচের ২৬ জন, ২৫ ব্যাচের ১৩ জন, ইইই বিভাগের ২৬ ব্যাচের ২১ জন, ২৫ ব্যাচের ১০ জন এবং কৃষি অনুষদের ২৫ ও ২৬ ব্যাচের একজন করে শিক্ষার্থী রয়েছেন। প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান জানান, শোকজের জবাব পেলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। হাবিপ্রবি প্রতিনিধি।

ভিক্ষুক পুনর্বাসন ট্রাস্ট উদ্বোধন

ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন এমপি মোহাম্মদ জাকির হোসেন বাবলু। জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে ও ইউএনও কৃষ্ণ চন্দ্রের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাজনীন সুলতানা, মো: আনোয়ার হোসেন, হাবিবুর রহমান খান রতন, শহীদুল ইসলাম শহীদ প্রমুখ। সকালে মাদক ও নারী নির্যাতন প্রতিরোধে র‌্যালি শেষে আলোচনা সভায় উপকারভোগীদের মধ্যে বাইসাইকেল, শিক্ষা উপকরণ, সেলাই মেশিন, হুইলচেয়ার, কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ করা হয়। ১২টি এতিমখানায় ৩৬ লাখ ২০ হাজার টাকার চেক, ১৩টি সংগঠনে তিন লাখ ৩৬ হাজার টাকা অনুদান ও বিকল্প কর্মসংস্থানের উপকরণ দেয়া হয়। এমপি বাবলু বলেন, মুক্তাগাছা থেকে মাদক নির্মূল ও শিক্ষার মানোন্নয়নে ব্যবস্থা নেয়া হবে। মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা।

খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

নীলফামারীর সৈয়দপুর উপজেলা খাদ্য গুদাম (এলএসডি) কর্মকর্তা অনিমেষ কুমার সরকারের বিরুদ্ধে ধান বিক্রিকারী কৃষকদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন কৃষক কাজী মোশারফ হোসেন। তিনি জানান, লটারিতে তালিকাভুক্ত হয়ে দুই মেট্রিকটন ধান গুদামে নিয়ে গেলে নাইট গার্ড মাজেদুল ২০০ টাকা এবং কর্মকর্তার রসিদ পেতে আরো দুই হাজার টাকা ঘুষ চান। টাকা না দেয়ায় রসিদে সই না করার হুমকি দেন। পরে টাকা দিয়ে রসিদ নেয়া হয়। তিনি আরো বলেন, অন্য কৃষকদের কাছ থেকেও একইভাবে টাকা নেয়া হয়েছে। জেলা খাদ্য গুদাম কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, তদন্তের পর অভিযোগের সত্যতা পেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। কর্মকর্তা অনিমেষ কুমার সরকার দাবি করেন, বিদ্যুৎ বিল বাবদ মাত্র ২০০ টাকা নেয়া হয়েছে, ঘুষের অভিযোগ প্রমাণিত হবে না। সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা।

মোংলায় ম্যানগ্রোভ বনায়ন উদ্বোধন

বাগেরহাটের মোংলায় নদীভাঙন ও জলোচ্ছ্বাস ঝুঁকি মোকাবিলায় ব্র্যাকের ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের আওতায় ম্যানগ্রোভ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার চিলা ইউনিয়নের পশুর নদের তীরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। প্রকল্পের অপারেশন ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিবেশকর্মী মো: নূর আলম শেখ। চিলা ইউনিয়নের তেলিখালী ও কেয়াবুনিয়া এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে বাইন, কাঁকড়া, কেওড়া ও পশুরসহ ৩৫ হাজার চারা রোপণ ও বীজ বপন করা হবে। ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, ম্যানগ্রোভ বন প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করবে এবং স্থানীয়দের সম্পৃক্ত করে পরিচর্যা জরুরি। পরিবেশকর্মী নূর আলম শেখ বলেন, এটি লবণাক্ততা নিয়ন্ত্রণ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে। প্রকল্প কর্মকর্তারা আশা করছেন, এই উদ্যোগ উপকূলীয় বাস্তুতন্ত্র রক্ষায় দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে। মোংলা (বাগেরহাট) সংবাদদাতা।

কুড়িগ্রামে ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার

কুড়িগ্রামে প্রথমবারের মতো অতি উচ্চমাত্রার মাদক ক্রিস্টাল মেথ আইস (মিথাইল অ্যামফিটামিন) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। গত বুধবার বিকেলে ফুলবাড়ী উপজেলার আজোয়াটারী গ্রামে অভিযান চালিয়ে ১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২.৫ গ্রাম হেরোইন জব্দ এবং মো: শাহিন খান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বসতবাড়ির শয়নকক্ষের টেবিলের ড্রয়ার থেকে মাদকগুলো উদ্ধার করা হয়। ডিএনসি জানায়, ক্রিস্টাল মেথ আইস অত্যন্ত ভয়ংকর মাদক এবং কুড়িগ্রামে এটি প্রথমবার উদ্ধার হলো। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী উপপরিদর্শক মিজ জান্নাতুল ফিরদৌস জানান, মাদকের বিস্তার রোধে জেলায় গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হবে। কুড়িগ্রাম প্রতিনিধি।

হিলিতে অপহৃতকে উদ্ধার

দিনাজপুরের হিলিতে মুক্তিপণের দাবিতে অপহৃত জীবনেন্দ্রনাথ সরকারকে ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। গত বুধবার রাতে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে ডাচবাংলা ব্যাংক এজেন্ট অফিস থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউসুফ আলী ও মোজাম্মেল হোসেন নামে দুইজনকে আটক করা হয়েছে। পলাতক রয়েছেন আরও চারজন। ভিকটিমের বাবা মনীন্দ্রনাথ সরকারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। উদ্ধারকৃত জীবনেন্দ্রনাথ জানান, তাকে মাঠপাড়ায় আটকে রেখে ১৮ লাখ টাকা দাবি, মারধর ও চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে পরে আটকে রাখা হয়। ভিকটিমকে আদালতে পাঠানো এবং আটক দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিরা হলেন এজেন্ট ব্যাংকিংয়ের মালিক, তার ভাই, বাবা ও শ্বশুর। তাদের গ্রেফতারে অভিযান চলছে। হিলি প্রতিনিধি।

বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ঘাস কাটতে গিয়ে অরক্ষিত বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে মামুন বিশ্বাস (২৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পুকুরের লিজগ্রহীতা ফেলু পুকুর পাহারা ও আলোর জন্য বাঁশের খুঁটির সঙ্গে জিআই তার ব্যবহার করে সরাসরি বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন। সকালে ঘাস কাটতে গিয়ে মামুনের পায়ে সেই তার পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা দাবি করেছে। পুকুরের মালিক জাহিদুল শিকদার দাবি করেন, লিজগ্রহীতার করা সংযোগ সম্পর্কে তারা জানতেন না। লিজগ্রহীতা ফেলু বলেন, রাতে আলোর জন্য সংযোগ দেয়া হলেও সকালে খোলার কথা ছিল, অসাবধানতায় খোলা হয়নি। বোয়ালমারী থানার ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা।