জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বহাল রাখার পক্ষে ৭০ শতাংশ ভোটার
Printed Edition
নিউ ইয়র্ক প্রতিনিধি
যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া যেকোনো শিশুর স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল রাখার পক্ষে মত দিয়েছেন দেশটির প্রায় ৭০ শতাংশ নিবন্ধিত ভোটার। বুধবার প্রকাশিত কুইনিপিয়াক ইউনিভার্সিটির এক নতুন জরিপে এই জনমতের চিত্র উঠে এসেছে।
জরিপে অংশ নেয়া এক হাজার ১৬৫ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ৬৯ শতাংশই মনে করেন, জন্মসূত্রে নাগরিকত্বসংক্রান্ত ১৮৯৮ সালের ঐতিহাসিক আইনি নীতিটি বহাল রাখা উচিত। মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী প্রতিষ্ঠিত এই নিয়মে, মা-বাবার নাগরিকত্ব যা-ই হোক না কেন, যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই যেকোনো শিশু মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃতি পায়।
অন্য দিকে মাত্র ২৭ শতাংশ উত্তরদাতা এই নিয়ম বাতিলের পক্ষে মত দিয়েছেন। এই জরিপের সম্ভাব্য ত্রুটির সীমা (মার্জিন অব এরর) প্লাস বা মাইনাস ৩ দশমিক ৪ শতাংশ।
বিশ্লেষকদের মতে, এ জরিপটি মূলত জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে মার্কিন নাগরিকদের সামগ্রিক মনোভাব প্রকাশ করেছে। বর্তমানে দেশটির সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলাটি বিচারাধীন রয়েছে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনই এক নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার এই দীর্ঘদিনের অধিকারের ওপর সীমাবদ্ধতা আরোপের চেষ্টা করেন। তবে দেশটির নিম্ন আদালতগুলো ট্রাম্পের ওই আদেশকে ইতোমধ্যে অসাংবিধানিক বলে রায় দিয়েছে।
ট্রাম্প প্রশাসনের দাবি, নিম্ন আদালতের এই রায় এবং দীর্ঘদিনের প্রচলিত নিয়মটি মূলত সংবিধানের চতুর্দশ সংশোধনীর ভুল ব্যাখ্যার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। তবে এই গ্রীষ্মকালীন অবকাশের আগে চলতি মাসের শেষ নাগাদ সুপ্রিম কোর্ট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক দলগুলোর সমর্থকদের মধ্যে এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত দেখা গেছে। জরিপ অনুযায়ী, ৯৫ শতাংশ ডেমোক্র্যাট এবং ৬৯ শতাংশ স্বতন্ত্র ভোটার এই ঐতিহাসিক অধিকার বজায় রাখার পক্ষে। তবে ক্ষমতাসীন রিপাবলিকানদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে; তাদের ৫৩ শতাংশ এই নিয়ম বাতিলের পক্ষে এবং ৪২ শতাংশ বহাল রাখার পক্ষে মত দিয়েছেন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৩৭ শতাংশ স্বতন্ত্র, ৩০ শতাংশ ডেমোক্র্যাট, ২৬ শতাংশ রিপাবলিকান এবং বাকি ৭ শতাংশ অন্যান্য মতাদর্শের অনুসারী।