শ্রীলঙ্কায় ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
বন্যা ও ভূমিধস মোকাবেলায় বাংলাদেশ সরকার মানবিক সহায়তা হিসেবে শ্রীলঙ্কায় ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল বুধবার বাংলাদেশ বিমানবাহিনীর দু’টি বিশেষ বিমানে জরুরিভিত্তিতে ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানো হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্রবাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেড এ লক্ষ্যে একযোগে কাজ করছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সব কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ৩৫৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৩৬৬ জন নিখোঁজ রয়েছেন। বন্যায় ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই লাখ ১০ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন জানিয়েছে দেশটির সরকার।
আগেও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য মানবিক বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশ সরকার দ্রুত সাড়া দিয়ে মানবিক সহায়তা পাঠিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।