কৃষকের সরিষা কেটে নেয়ার ঘটনায় কালাইয়ে যুবদল নেতা গ্রেফতার

Printed Edition

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

জয়পুরহাটের কালাই উপজেলায় কৃষকের জমির সরিষা কেটে নেয়ার ঘটনায় জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ফিদাকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত শনিবার ফিদা তার চাচাত ভগ্নিপতি মেহেদী মাছুমসহ কয়েকজনকে নিয়ে মোমিন ইসলাম নামে এক কৃষকের জমিতে গিয়ে সরিষা কেটে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার বিকেলে ভুক্তভোগী কৃষক মোমিন ইসলাম বাদি হয়ে ফিদা, মেহেদী মাছুমসহ ৯ জনের বিরুদ্ধে কালাই থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ফিদাকে গ্রেফতার করে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন দৈনিকে ‘কৃষকের জমির সরিষা কেটে নিলেন যুবদল নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আনোয়ার হোসেন ফিদাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

মামলায় উল্লেখ করা হয়, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সরিষা কাটা হয়। ভুক্তভোগী কৃষক ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা সরিষা কেটে নিয়ে যায়। পরে পুলিশ মেহেদী মাছুমের বাড়ির সামনে স্তূপ করে রাখা কাটা সরিষা জব্দ করে।

কালাই থানার ওসি মো: রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় উল্লেখিত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।