চট্টগ্রাম বিমানবন্দরে ২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
Printed Edition
বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থায় গত শনিবার বিকেল থেকে গতকাল সোমবার পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরে ২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে গতকাল সকালে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে ও আবার মাস্কাটের উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া গতকাল দুপুরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ার লাইনসের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। বিমানবন্দর সূত্র এই তথ্য জানিয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, যেহেতু মধ্যপ্রাচ্যে দুবাই, আবুধাবি ও শারজাহ এর এয়ারফিল্ড অদ্যাবধি বন্ধ রয়েছে তাই চট্টগ্রাম বিমানবন্দরের- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দু’টি ডিপার্চার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের দু’টি ডিপার্চার ফ্লাইট ও একটি এরাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ফ্লাইট ও মধ্যপ্রাচ্য থেকে আগত দু’টি এরাইবার ফ্লাইট বাতিল করা হয়েছে।তিনি জানান, অন্য দিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০১ অত্র বিমানবন্দরে সকাল সোয়া ৮টায় অবতরণ করে পুনরায় যাত্রী নিয়ে ওভি-৪০২ ফ্লাইট যোগে মাস্কাটের উদ্দেশে সাড়ে ৯টায় চট্টগ্রাম ছেড়ে যায়।
তিনি জানান, গতকাল বেলা ১টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি১৩৫ জেদ্দা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে এবং বেলা ২টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।