সৈয়দপুরে আ’লীগ নেতাদের নিয়ে টাকা বিতরণের প্রতিবাদ

Printed Edition

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলমের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের নিয়ে ভোট কেনার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সৈয়দপুর প্রেস ক্লাবে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার আমির শরফুদ্দিন খান।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সোমবার রাতে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকায় জাপা প্রার্থীর নির্বাচনী অফিসে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে টাকা বিতরণ করা হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় কিছু যুবক প্রতিবাদ জানালে সংশ্লিষ্টরা মোটরসাইকেলযোগে পালিয়ে যান এবং অফিসের গেট বন্ধ করে দেয়া হয়।

জানা যায়, খবর পেয়ে প্রশাসন ও সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহদী ইমাম পুলিশসহ সেখানে উপস্থিত হলেও তাৎক্ষণিক তল্লাশি চালানো হয়নি। এতে অভিযুক্তরা পালানোর সুযোগ পায়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করলে অন্তত ২০-২৫ জন সাধারণ মানুষ আহত হন বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, অভিযানে পরে অফিসে লোক দেখানো তল্লাশি চালিয়ে প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হলেও অভিযোগের মূল বিষয়টি আমলে নেয়া হয়নি। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বক্তারা বলেন, আগেও একাধিকবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। ফলে সৈয়দপুরে নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের অপসারণ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।