জমি নিয়ে বিরোধে চাচাতো দুই ভাই নিহত
Printed Edition
বগুড়া অফিস
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াসিন আলী (৩৩) ও মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পৈতৃক জমি নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে ওই বিরোধের জেরে উভয়পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান ইয়াসিন আলী। আর আশঙ্কাজনক অবস্থায় সুমন মোল্লাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাহাত মণ্ডল (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে। সে ওই এলাকার রেজাউল মণ্ডলের ছেলে।