দখল-দূষণমুক্তে চিলাই খাল পুনঃখনন শুরু, বদলাবে গাজীপুরের নগরচিত্র

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

দীর্ঘ দিনের অবহেলা, দখল ও দূষণে অস্তিত্ব সঙ্কটে পড়া গাজীপুর মহানগরের চিলাই খাল পুনরুদ্ধারে শুরু হয়েছে পুনঃখনন কার্যক্রম। প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এ খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, পরিবেশ উন্নয়ন এবং নগরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বড় উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি করপোরেশন।

গত মঙ্গলবার সকালে নগরীর তিতাস গেট এলাকায় খালে মাটি কাটার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। দীর্ঘ দিন ধরে অবৈধ দখল ও দূষণে ভরাট হয়ে যাওয়া খালটি পুনরুদ্ধারকে নগর উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ ও উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) আমজাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর মহানগরে মোট ১৯টি খাল রয়েছে। পর্যায়ক্রমে সব খাল পুনঃখনন ও দখলমুক্ত করা হবে, যাতে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হয়। তিনি জানান, চিলাই খালটি নগরের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় দ্রুত সংস্কার করে এটিকে দৃষ্টিনন্দন রূপ দেয়া হবে।

প্রকল্পের আওতায় খালের দুই পাশে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, ফুল ও বিভিন্ন প্রজাতির গাছ রোপণ এবং পরিবেশবান্ধব সৌন্দর্যায়নের কাজ আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি খালে শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য নিঃসরণ বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

সংশ্লিষ্টদের মতে, খালগুলো পুনঃখনন ও দখলমুক্ত করা গেলে দীর্ঘ দিনের জলাবদ্ধতা সমস্যার উল্লেখযোগ্য সমাধান সম্ভব হবে এবং নগরের পরিবেশ ও নান্দনিকতা উন্নত হবে।

একই দিনে গাজীপুর চৌরাস্তায় ড্রেনে জমে থাকা ময়লা অপসারণ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন কড্ডা ডাম্পিং স্টেশনের পশ্চিম পাশে আরসিসি সড়ক নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়। এসব উদ্যোগ নগরের পরিচ্ছন্নতা বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।