আড়াইহাজার উপজেলাজুড়ে ডাকাত আতঙ্ক

Printed Edition

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একের পর এক ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ গত শুক্রবার গভীর রাতে মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ১টার দিকে ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর এলাকায় হাজী সিরাজ মিয়ার বাড়িতে ১৫ থেকে ২০ জনের মুখোশধারী ডাকাত দল ঢুকে পড়ে। তারা দেশীয় অস্ত্র ও পিস্তলের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে সাতটি দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।

এ সময় ডাকাত দল ঘর থেকে প্রায় সাত লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এ সময় বাধা দিতে গেলে গৃহকর্তার ছেলে সাইফুল ইসলামকে মারধর করা হয়। তিনি আহত হন। এর আগেও উপজেলার পাঁচগাঁও ও আতাদী এলাকায় ডাকাতির চেষ্টা ও ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে। ডাকাতি প্রতিরোধে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।