ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটায় ২ জনকে জরিমানা
Printed Edition
ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে অনুমতি ছাড়া অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে নৈইমুদ্দিন ও লোকমান হোসেন নামে দুইজনকে দুই লাখ টাকা জরিমানা ও একটি ভেকু জব্দ করা হয়েছে।
গত বুধবার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাওনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি। নৈইমুদ্দিন ধামরাই উপজেলার চাওনা এলাকার বাসিন্দা এবং লোকমান হোসেন নান্নার এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল।
স্থানীয়রা জানান, অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করাসহ অন্যর জমি ও সরকারি রাস্তা নষ্ট করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। নিষেধ করার পরেও কার্যক্রম বন্ধ না করায় বাধ্য হয়ে এলাকাবাসী উপজেলায় প্রশাসনকে জানায়।