শেখ রেহানার ৭, হাসিনার ৫ টিউলিপের ২ বছর কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি
Printed Edition
আদালত প্রতিবেদক
ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানার ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের করা মামলাটিতে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাঁচ বছর কারাদণ্ড, তার বোন শেখ রেহানার সাত বছর কারাদণ্ড, মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছর কারাদণ্ড দেয়া হয়েছে। একইসাথে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এ ছাড়াও অন্য ১৪ জন অভিযুক্তের বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদণ্ড দেয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন। মামলায় শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে ১০ মার্চ আরো দুই আসামি যুক্ত হয়ে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো: আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব:) (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মো: নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ এবং পরবর্তীতে যুক্ত হওয়া দুই আসামি-সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
বাসস জানায়, দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ বাতিল করেছেন আদালত।
ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে দুদকের করা মামলার রায়ে আদালত এ আদেশ দেন।
গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
গত ২৫ নভেম্বর ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১ ডিসেম্বর দিন ধার্য করেন।
হাসিনা-রেহানার রায়ে অসন্তোষ দুদকের আইনজীবীদের
আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, ক্ষমতার প্রভাব দেখিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেয়ায় দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ভাগনি টিউলিপসহ ১৭ আসামির রায়ে অসন্তোষ জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা। সর্বোচ্চ সাজার প্রত্যাশা ছিল তাদের।
গতকাল সোমবার দুদকের পিপি মঈনুল হাসান সাংবাদিকদের বলেন, এ মামলায় সব ধরনের সাক্ষ্য-প্রমাণ আমরা দাখিল করেছি। সাক্ষীদের জবানবন্দীসহ যুক্তি উপস্থাপনে এসব প্রমাণে সক্ষম হয়েছি। আইনানুযায়ী আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা ছিল আমাদের। কিন্তু আদালতের রায়ে সন্তুষ্ট হতে পারিনি। তাই কমিশনের সাথে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।