ভিনির মতো গোল উদযাপন নেইমারের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্লে অফে বেনফিকার বিপক্ষে গোল করে কর্নার স্ট্যান্ডের কাছে গিয়ে নাচে উদযাপনের পর হলুদ কার্ড দেখেছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র। এবার তারই অনুকরণ করলেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান সিরি ‘আ’র ম্যাচে গতকাল ভাস্কো দ্য গামাকে ২-১ গোলে হারায় সান্তোস। এই ম্যাচে সান্তোসের হয়ে দু’টি গোলই করেন নেইমার। আর গোল করে ভিনির মতো ঠিক একইভাবে উদযাপন করলেন সান্তোসের রাজপুত্র। প্রথম গোল করেই ঠোঁটে আঙুল চেপে মাঠের এক প্রান্তে ছুটলেন নেইমার। কর্নার স্ট্যান্ডের সামনে গিয়ে শুরু করলেন নান্দনিক নাচ। গোটা ফুটবল বিশ্বই এই নাচের সাথে পরিচিত। একইভাবে উদযাপন করে ব্রাজিলিয়ান সতীর্থের জন্য যেন ভালোবাসা আর সমর্থনের বার্তাই পাঠালেন নেইমার।

এখানেই শেষ নয়। দ্বিতীয়ার্ধে দারুণ ফিনিশিংয়ে আরেকটি গোল করে সান্তোসকে জেতালেনও নেইমার। আর এতে নতুন মৌসুমে চতুর্থ ম্যাচে প্রথম জয় পেল সান্তোস। গোলের পর সেই নেচে উদযাপন। সেটি যে ভিনিসিয়াসের জন্যই ছিল, তা পরে নিজেই জানিয়ে দিয়েছেন নেইমার। সামাজিক মাধ্যমে নাচের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নাচো ভিনি।’

দুই গোল করে সমালোচকদের কড়া ভাষায় জবাব দিতেও ছাড়েননি ব্রাজিলিয়ান সুপারস্টার। নেইমার বলেন, ‘গত সপ্তাহে তারা বলেছিল, আমি বিশ্বের সবচেয়ে বাজে ফুটবলার। আজকে আমি দু’টি গোল করেছি ও এটিই গুরুত্বপূর্ণ। ফুটবল এরকমই। একদিন আপনি কেউ নন, আপনাকে অবসরে পাঠিয়ে দেয়া হচ্ছে, পরদিন লোকে বলছেন আপনাকে বিশ্বকাপে লাগবেই লাগবে।’