খায়রুজ্জামান লিটনের স্ত্রী-কন্যাসহ ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ
Printed Edition
আদালত প্রতিবেদক
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার এবং দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের নামে বিভিন্ন ব্যাংকে থাকা মোট ৪১টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। রোববার সিআইডি পুলিশের আবেদনের পর ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম বিভাগের পক্ষে ইন্সপেক্টর মোহাম্মদ কামরুজ্জামান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, খায়রুজ্জামান লিটনসহ তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থাকা ব্যাংক হিসাবের মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন, সংঘবদ্ধ অপরাধ এবং অর্থপাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ হিসেবে বিবেচ্য।
এতে আরো বলা হয়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি এ এইচ এম খায়রুজ্জামান লিটন তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে অপরাধলব্ধ অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর, সম্পদ অর্জন এবং ভোগবিলাসে ব্যবহার করেছেন- এমন প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার অনুসন্ধান কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে ব্যাংক হিসাবে জমাকৃত অপরাধলব্ধ অর্থ উত্তোলন করে পাচার বা অন্যত্র স্থানান্তর করতে না পারেন, সে জন্য সংশ্লিষ্ট হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।