বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ‘অস্থিতিশীল’ সহিংসতার আশঙ্কা

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ‘অস্থিতিশীল’ আখ্যায়িত করে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সহিংসতা সম্পর্কে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ব্রিটেন।

গতকাল ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশ ভ্রমণ পরামর্শে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে একটি গণ-অভ্যুত্থানের ফলে বাংলাদেশে ব্যাপক সহিংসতা দেখা দেয়, যার ফলে অনেক মানুষ মারা যায় এবং আহত হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে যে তারা ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠান করবে। পরিস্থিতি এখনো অস্থিতিশীল। রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ চলছে। এগুলো দ্রুত সহিংস হয়ে সংঘর্ষের দিকে এগিয়ে যেতে পারে। বিক্ষোভ ও ধর্মঘটের (‘হরতাল’) সময় সারা দেশের শহরগুলোতে অগ্নিসংযোগ, সহিংসতা ও ভাঙচুর হতে পারে, যার ফলে প্রাণহানি ঘটতে পারে।

এতে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ে ওপর মাঝে মধ্যে আক্রমণ হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেও আক্রমণ হয়েছে। এর মধ্যে প্রধান শহরগুলেতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলা অন্তর্ভুক্ত রয়েছে।

ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, রাস্তায় দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকুন। বিক্ষোভ ও বড় সমাবেশ থেকে দূরে থাকুন। যদি আপনি কোনো বিক্ষোভ শুরু হতে দেখেন, তাহলে নিরাপদ স্থানে চলে যান। স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলুন এবং স্থানীয় মিডিয়ার আপডেটগুলোর ওপর নজর রাখুন।