ময়মনসিংহে এডিসির বিরুদ্ধে অপপ্রচারের নেপথ্যে ‘তদবির’ চক্র
Printed Edition
ময়মনসিংহ অফিস
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ শুরু হওয়া নেতিবাচক প্রচারণাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, অনৈতিক তদবিরে সাড়া না দেয়ায় একটি স্বার্থান্বেষী মহলের রোষানলে পড়েছেন এই কর্মকর্তা। মূলত অপপ্রচারের মাধ্যমে তাকে চাপে ফেলতেই এই পরিকল্পিত তৎপরতা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্ব পালনের শুরু থেকেই আজিম উদ্দিন ভূমি নামজারি, খারিজ, বন্দোবস্ত ও রাজস্ব সংক্রান্ত ফাইল নিষ্পত্তিতে কড়াকড়ি নিয়ম মেনে চলছেন। সম্প্রতি জমিসংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইলে প্রভাবশালী একটি মহলের অনৈতিক সুপারিশ তিনি সরাসরি নাকচ করে দেন। এর পর থেকেই ফেসবুকের বিভিন্ন আইডি থেকে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো শুরু হয়। প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে যে, বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ভিত্তিহীন প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনে এ বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
ময়মনসিংহের সচেতন নাগরিকদের মতে, রাজস্ব খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে একজন কর্মকর্তা যদি প্রভাবশালী মহলের অপপ্রচারের শিকার হন, তবে তা প্রশাসনের জন্য নেতিবাচক বার্তা বহন করে। তারা মনে করেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ দফতরে পেশ করা উচিত; সামাজিক যোগাযোগমাধ্যমে কাদা ছোড়াছুড়ি করে প্রশাসনিক কাজের পরিবেশ নষ্ট করা কাম্য নয়।
সংশ্লিষ্ট মহলের দাবি, সরকারি কর্মকর্তার ভাবমর্যাদা ক্ষুণœ ও জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারীদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্ত জরুরি। প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমেই এ ধরনের অপতৎপরতা বন্ধ করা সম্ভব।