অভয়নগরে বেতার ধোপাদী চৌরাস্তা সড়ক চলাচলের অনুপযোগী
Printed Edition
মফিজুর রহমান অভয়নগর (যশোর)
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার যশোর-খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক বেতার মোড় থেকে ধোপাদী চৌরাস্তা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে চরম বেহাল অবস্থায় পড়েছে। কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে মাটি বের হয়ে গর্তের সৃষ্টি হওয়ায় সড়কটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আধা কিলোমিটার দীর্ঘ এই সড়কের অধিকাংশ অংশেই পিচ উঠে গেছে। শুষ্ক মৌসুমে ধুলাবালুতে একাকার হয়ে যায়, আর বৃষ্টি হলে কাদা-পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঝুঁকির কারণে রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন এই সড়ক ব্যবহার এড়িয়ে চলছে। যে কারণে প্রতিদিন শত শত মানুষ বাধ্য হয়ে হেঁটে চলাচল করছেন। অনেককে আবার বিকল্প পথে ৮ থেকে ১০ কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে।
এ বিষয়ে নওয়াপাড়া পৌরসভার সার্ভেয়ার আকরাম হাওলাদার জানান, সড়কটির অবস্থা খারাপ এবং এটি একটি প্রকল্পের আওতায় আনা হয়েছে। দ্রুত কাজ শুরুর সম্ভাবনা রয়েছে। নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম বলেন, আরইউটিডিপি নামের একটি বড় প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। আশা করা হচ্ছে, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কাজ শুরু হবে।
নওয়াপাড়া পৌরসভার সচিব সাইফুল ইসলাম জানান, পৌরসভার সব চলাচল অনুপযোগী সড়ক পর্যায়ক্রমে সংস্কার করা হবে। সদ্য যোগদানকারী পৌরসভার সিইও আশিষ কুমার বসু বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু জানান, সড়কটি নাজুক অবস্থায় রয়েছে এবং দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।