শিরোপার পথে যাত্রাবাড়ী

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সিনিয়র ডিভিশন ফুটবলে শিরোপার দ্বারপ্রান্তে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র। গতকাল তারা ২-১ গোলে সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদ মুগদাকে হারিয়ে চ্যাম্পিয়নশিপের পথে আরো এক ধাপ এগিয়ে গেল। ফলে বাকি চার ম্যাচের তিনটিতে জিতলেই ট্রফি নিয়ে উল্লাসের সুযোগ পাবে ক্লাবটি। দলটির অবশিষ্ট চার ম্যাচের প্রতিপক্ষ স্বাধীনতা ক্রীড়া সঙ্ঘ, নোফেল স্পোর্টিং ক্লাব, ফ্রেন্ডস সোশ্যাল, এবং টিঅ্যান্ডটি। দলটির পয়েন্ট ১২ খেলায় ৩০ পয়েন্ট। ১৩ খেলায় ২৭ পয়েন্ট নিয়ে এর পরেই অবস্থান মহাখালী একাদশের। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। গতকালই যাত্রাবাড়ীকে ধরে ফেলতে পারতো মহাখালী একাদশ; কিন্তু তারা ১-৩ গোলে হেরে যায় ফ্রেন্ডস সোশ্যালের কাছে। এতে ফ্রেন্ডস সোশ্যাল চলে এসেছে শিরোপার রেসে।

কাল যাত্রাবাড়ীর মজিবুর রহমান ও আনিসুর শেখ গোল করেন সমাজ কল্যাণ মুগদার বিপক্ষে। মুগদার গোলদাতা ফরিদুল ইসলাম। অন্য ম্যাচে মহাখালীর বিপক্ষে ফ্রেন্ডস সোশ্যালের মিলন ইসলাম জোড়া গোল করেন। অপর গোলটি আত্মঘাতী। মহাখালীর গোলদাতা নাহিয়ান রাহাত। ম্যাচে লালকার্ড পান ফ্রেন্ডস সোশ্যালের জাকির মিয়া ও মহাখালীর সাগর সরকার।