আলাভেজকে হারিয়ে স্বস্তি রিয়ালের

Printed Edition
khela-4
গোলের পর সতীর্থদের সাথে এমবাপ্পের উল্লাস : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

সব প্রতিযোগিতা মিলে সবশেষ আট ম্যাচের দু’টিতে জয়, আর ঘরের মাঠে দুই ম্যাচেই হার। সব মিলে চাপ বাড়ছিল কোচ জাভি আলোনসোর ওপর। কঠিন সময়ে গত পরশু স্প্যানিশ লা লিগায় আভাভেজের মাঠে ২-১ গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের। কিলিয়ান এমবাপ্পের গোলে ম্যাচের ২৪ মিনিটে এগিয়ে যাওয়ার পর ৬৮ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান কার্লোস ভিসেন্তে। ৭৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে রদ্রিগোর গোলে জয় নিয়ে ফিরে রিয়াল মাদ্রিদ। দুই ব্রাজিলিয়ান ও এমবাপ্পের গোলে জয়ে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।

এ দিকে জার্মান বুন্দেসলিগায় ড্র করে পয়েন্ট হারালেও শিরোপা ধরে রাখার লক্ষ্যেই আছে বায়ার্ন মিউনিখ। প্রথমে গোল করে এগিয়ে গেলেও লিগে ভুগতে থাকা দল মেইঞ্জের বিপক্ষে বিরতির আগে-পরে দু’টি গোল হজম করে ভিনসেন্ট কোম্পানির দল। নিজেদের মাঠ আলিয়াঞ্জ এরিনায় হারের শঙ্কায় পড়া দলকে শেষ সময়ে উদ্ধার করেন হ্যারি কেন। ইংলিশ ফরোয়ার্ডের করা গোলটি ছিল চলমান লিগে বায়ার্নের হয়ে ৫০তম। ১৪ ম্যাচে যা লিগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি এটি। আর ম্যাচ ড্র করেও ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বাভারিয়ানরা। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লিপজিদের পয়েন্ট ২৯। সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে তিনে বরুশিয়া ডর্টমুন্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগে উজ্জীবিত ক্রিস্টাল প্যালেসকে বড় ব্যবধানেই হারাল ম্যানচেস্টার সিটি। আর্লিং হলান্ডের জোড়া ও ফিল ফোডেনের গোলে সিটিজেনরা ৩-০তে হারিয়েছে ক্রিস্টালকে। এই জয়ে ১৬ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি। ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ওয়েস্ট হ্যামকে ৩-২ ব্যবধানে হারিয়ে ৩৩ পয়েন্ট নিয়ে তিনে অ্যাস্টন ভিলা।

ইতালিয়ান সিরি ‘আ’তে বুলোগনার মাঠ থেকে ১-০তে জয় নিয়ে ফিরেছে জুভেন্টাস। এই জয়ে ১৫ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচে জুভেন্টাস। এক পয়েন্ট কম নিয়ে ছয়ে বুলোগনা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান। দুইয়ে তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের পয়েন্ট ৩২। ৩১ পয়েন্ট নিয়ে তিনে বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি।