রাজধানীর উত্তর সিটি করপোরেশনে সাবেক ছাত্র প্রীতি সমাবেশ
ইসলামী আন্দোলনে কারো অবসর নেয়ার সুযোগ নেই : মোহাম্মদ সেলিম উদ্দিন
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
দ্বীন কায়েমই আমাদের একমাত্র জীবনের উদ্দেশ্য, তাই জীবনের শেষদিন পর্যন্ত দ্বীনে হকের ওপর অবিচল থেকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে গতিশীল ও বেগবান করতে ছাত্র আন্দোলনের সাবেক জনশক্তির প্রতি আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ইসলামী আন্দোলনে কারো পক্ষে অবসর নেয়ার সুযোগ নেই। ইতিহাসের ধারাবাহিকতায় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার জামায়াতের শীর্ষনেতাদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে। ঈমানদারিতা ছিল তাদের বড় অপরাধ। তিনি অবসর না নিয়ে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
গতকাল শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চল আয়োজিত ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের নিয়ে প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, মানবরচিত বিধান দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়। তাই কুরআন-সুন্নাহর আদের্শের ভিত্তিতে পুরো বিশ্বকেই পরিবর্তনের জন্য আমাদের নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এ দায়িত্ব থেকে অব্যাহতি নেয়া বা পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। তিনি জীবনকে ইসলামের রঙিন ও দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানান। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল পরিচালক হেমায়েত হোসাইনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন তেজগাঁও দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার নো’মান আহমেদি, হাতিরঝিল পূর্ব থানা আমির জিল্লুর রহমান, পশ্চিম আমির নুরুল ইসলাম আকন্দ, শিল্পাঞ্চল থানা আমির কলিম উল্লাহ ও তেজগাঁও উত্তর থানা আমির আহসান উল্লাহ প্রমুখ।
রাজধানীর মিরপুর-১০ এলাকায় প্রীতি সমাবেশে : কোরবানি ঈদের শিক্ষাকে কাজে লাগিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, মানবিক সমাজ গড়ে তুলতে ঢাকা উত্তর সিটির নেতাকর্মীরা ধারাবাহিকভাবে যে কাজ করে যাচ্ছে তা অব্যাহত রাখতে হবে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকার একটি হলরুমে সাবেক ছাত্রশিবির নেতাকর্মীদের নিয়ে আয়োজিত প্রীতি সমাবেশে এসব কথা বলেন সেলিম উদ্দিন। তিনি বলেন, প্রতিবেশীদের হক আদায়ে সবাইকে সচেতন হতে হবে। একই সাথে সমাজের বিত্তবানদের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় জামায়াতের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরবানির ঈদে সমাজের পিছিয়ে পড়া মানুষের ঘরে ঘরে কোরবানির পশুর গোশত ও ফুড প্যাকেজ পৌঁছে দিতে হবে।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কাফরুল অঞ্চল পরিচালক ডা: ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য পল্লবী অঞ্চল পরিচালক নাসির উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মো: শহিদুল্লাহ ও অধ্যাপক আনোয়ারুল করিম প্রমুখ।