শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী এবং তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। এছাড়া সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবেও তিনি পরিচিত।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।