১৭ দফা ইশতেহার ঘোষণা

শাসক নয়, জনগণের সেবক হতে আসছি : ডা: এস এম খালিদুজ্জামান

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও নিরাপদ নগরী গড়ার অঙ্গীকার নিয়ে ঢাকা-১৭ আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ডা: এস এম খালিদুজ্জামান। গতকাল গুলশান-১ এর ইমানুয়েল’স পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহার প্রকাশকালে ডা: খালিদুজ্জামান বলেন, আমরা জাতির শাসক হতে চাই না, বরং সেবক হিসেবে সাধারণ মানুষের পাশে থাকতে চাই। রাজধানীর সবচেয়ে বৈচিত্র্যময় এই আসনে কূটনৈতিক এলাকা থেকে শুরু করে সুবিধাবঞ্চিত বস্তিবাসী পর্যন্ত সবার চাহিদা বিবেচনায় নিয়ে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। নাগরিক সেবা সহজ করতে ১৭টি বিশেষ উদ্যোগের কথা জানিয়েছেন এই প্রার্থী। সেগুলোর মধ্যে রয়েছে-

ডিজিটাল নিরাপত্তা : দুর্নীতি ও চাঁদাবাজি রোধে চালু হবে ‘ডিজিটাল পাহারাদার’ অ্যাপস।

স্মার্ট কার্ড সেবা : প্রতিটি ঘরে ‘স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড’ এবং স্বাস্থ্যসেবায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ ফর্মুলায় ডিজিটাল হেলথ কার্ড দেয়া হবে।

নারী ও যুব উন্নয়ন : নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্প এবং যুবকদের কর্মসংস্থানে ‘দক্ষতা’ শীর্ষক অ্যাপসের ব্যবহার নিশ্চিত করা হবে।

সেবামূলক অ্যাপস : রক্তের চাহিদা ও অ্যাম্বুলেন্স সেবার জন্য কল সেন্টার ও অ্যাপসভিত্তিক ডিজিটাল ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।