রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সবুজবাগ এলাকায় ইব্রাহিম পলাশ (৩৬) নামে এক স্থানীয় বিএনপি কর্মীকে কুপিয়ে ও দুই হাত বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে সবুজবাগের রাজারবাগ বাজার পানির পাম্পসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে। তিনি সবুজবাগের ৭১ নম্বর মাদারটেক এলাকায় থাকতেন এবং পেশায় প্রাইভেট কারের চালক ছিলেন।

প্রতিবেশী মো: হীরা বলেন, পলাশ রাতে চায়ের দোকানে বসা ছিলেন। পূর্বশত্রুতার জেরে একই এলাকার রয়েল, সবুজ, নাঈমসহ ১০ থেকে ১২ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। বুকেও দু’টি আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে রাত সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, একটি চুরি হওয়া রিকশা উদ্ধার নিয়ে বিরোধ অথবা পাওনা টাকা উদ্ধারের জের ধরে স্থানীয় রয়্যাল, সবুজ ও নাঈম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কয়েক দিন আগে সবুজবাগ এলাকার একটি গ্যারেজ থেকে রিকশা চুরি করেন সবুজ। পলাশ সেই রিকশা উদ্ধার করতে গেলে সবুজের সাথে তর্কবিতর্ক হয়। ওই ঘটনার জেরে তার ওপর এই হামলা করা হয়েছে।

এই বিষয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ঘটনাটি মূলত পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঘটেছে। এ বিষয়ে মঙ্গলবারই একটি মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পেরেছি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, আসামিদের অবস্থান শনাক্তে কাজ চলছে। আমরা জানতে পেরেছি, তারা পরস্পর অত্যন্ত ঘনিষ্ঠ ও নিয়মিত চলাফেরা ছিল। মূলত অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।