লেবাননের পার্লামেন্ট নির্বাচন স্থগিত

Printed Edition

এএফপি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে লেবাননের পার্লামেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছে। চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন দুই বছর পর অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার নবীহ বেরি এক বিবৃতিতে জানান, চলতি বছরের মে মাসে আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এখন দুই বছর পর অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

সিদ্ধান্তটির পেছনে প্রধান কারণ হিসেবে ইসরাইলের সাথে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চলমান সঙ্ঘাতকে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এ দিকে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়ার দিনই রাজধানী বৈরুতের পার্লামেন্টে সংসদ সদস্যরা বৈঠকে বসেন। বৈঠকে হিজবুল্লাহর পার্লামেন্টারি ব্লকের প্রধান মোহাম্মদ রাদসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। একই সময় বৈরুতের দণিাঞ্চলীয় উপশহরের আকাশে ইসরাইলের যুদ্ধবিমান টহল দিতে দেখা যায়, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতির উত্তেজনা আরো স্পষ্ট করে তুলেছে। বিশ্লেষকদের মতে, চলমান সামরিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে লেবাননে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। তাই নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।