জুড়ীতে জামায়াত প্রার্থীর এজেন্টের ওপর হামলা

Printed Edition

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের জুড়ী-বড়লেখা আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট মাওলানা আবদুর রহমানসহ তিনজনের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে জেলা জামায়াত। গত মঙ্গলবার রাতে জুড়ী উপজেলায় এ হামলার ঘটনা ঘটে বলে দলটির অভিযোগ।

জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও সেক্রেটারি ইয়ামীর আলী এক যৌথ বিবৃতিতে বলেন, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে নেতাকর্মীদের গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হলেও ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করা হয়নি বলে তারা দাবি করেন। তারা প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

বিবৃতিতে আরো বলা হয়, নির্বাচনী আইনানুযায়ী প্রধান নির্বাচনী এজেন্টের চলাচল বৈধ। তাকে বাধা দেয়া বা হামলা করা আইনত দণ্ডনীয় অপরাধ। সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচন প্রভাবিত করা যাবে না বলেও মন্তব্য করেন নেতারা।