একই লক্ষ্যে জর্দান ও আলজেরিয়া
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক শুরু করার পর এবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামছে দুই আবর দেশ জর্দান ও আলেজেরিয়া। আগামীকাল সকাল ৯টায় সান ফ্রান্সিসকোর বে এরিয়া স্টেডিয়ামে গ্রুপ ‘জে’র গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজেদের প্রথম জয় তুলে নিতে মরিয়া থাকবে দুই দলই।
বিশ্বকাপের অভিষেক ম্যাচে জর্দান হারলেও তাদের পারফরম্যান্স পুরোপুরি হতাশাজনক ছিল না। অস্ট্রিয়ার বিপক্ষে দীর্ঘ সময় প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখেছিল পশ্চিম এশিয়ার প্রতিনিধিরা। শেষ দিকে দু’টি গোল হজম করে ৩-১ ব্যবধানে হারলেও ম্যাচের বড় অংশে প্রতিরোধ গড়ে তারা দেখিয়েছে বিশ্ব ফুটবলের এই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য তাদের আছে। তবে জর্দানের বড় চিন্তা তাদের সাম্প্রতিক ফলাফল। ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে তারা কোনো ম্যাচ জিততে পারেনি। টানা ছয় ম্যাচ জয়হীন থাকার পাশাপাশি প্রতিটি ম্যাচেই অন্তত দুই গোল করে হজম করেছে দলটি। ফলে রক্ষণভাগের দুর্বলতা কাটিয়ে ওঠা কোচ জামাল সেল্লামির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
অন্য দিকে বিশ্বকাপে দীর্ঘ বিরতির পর ফেরা আলজেরিয়ার শুরুটা ছিল আরো কঠিন। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-০ ব্যবধানে হারতে হয় উত্তর আফ্রিকার দলকে। সেই ম্যাচে মেসির দুর্দান্ত পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেনি আলজেরিয়া। ম্যাচে কয়েকটি ভুল করে সমালোচনায় পড়েন গোলরক্ষক লুকা জিদান। জর্দানের ভরসা ফরোয়ার্ড আলি অলওয়ান; যিনি বিশ্বকাপে দেশের ইতিহাসের প্রথম গোল করেছেন।