যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল

Printed Edition
onno-2
ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননের ধ্বংসপ্রাপ্ত একটি গ্রাম : ইন্টারনেট

আলজাজিরা

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও থামেনি ইসরাইলি হামলা। ইসরাইল আগেই জানিয়েছিল, তারা ‘প্রতিরক্ষামূলক অভিযান’ চালিয়ে যাবে। সেই অবস্থান থেকে তারা নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে গ্রাম ধ্বংসের অভিযান চালাচ্ছে।

বিস্ফোরক, বুলডোজার ও গোলাবর্ষণের মাধ্যমে এসব এলাকা গুঁড়িয়ে দেয়া হচ্ছে। শুরুতে এই পদক্ষেপের জবাব হিসেবেই হিজবুল্লাহ রকেট হামলা চালানোর কথা বলেছিল। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে গতকাল। এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননের আরো গভীরে পাল্টা আঘাত হানা হচ্ছে। সব মিলিয়ে, কাগজে-কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে সংঘর্ষ থামেনি। বরং পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বাড়ছে, যা বড় ধরনের সঙ্ঘাতের আশঙ্কা তৈরি করছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে প্রবল পরাক্রমে হামলার নির্দেশ দিয়েছেন। ইসরাইল জানিয়েছে, তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ‘প্রবল পরাক্রমে’ হামলা চালাবে। এতে লেবাননের সাথে চলমান নাজুক যুদ্ধবিরতি আরো চাপে পড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, এই যুদ্ধবিরতির মেয়াদ আরো তিন সপ্তাহ বাড়ানো হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, গত শনিবার দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় চারজন নিহত হয়েছেন। অন্য দিকে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট ছুড়েছে। এতে ভঙ্গুর যুদ্ধবিরতির ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে। ইসরাইল ও লেবাননের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতির ফলে সংঘর্ষ অনেকটা কমেছে। তবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরাইলের সংঘর্ষ অব্যাহত রয়েছে। ওই এলাকায় ইসরাইল নিজেদের ঘোষিত বাফার জোনে সেনা মোতায়েন রেখেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ‘প্রবল পরাক্রমে’ হামলা চালাতে সামরিক বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, রাতের মধ্যে তারা দক্ষিণ লেবাননের তিনটি স্থানে হিজবুল্লাহর রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছে। পৃথক হামলায় কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। পরে তারা আরো জানায়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর ব্যবহৃত স্থাপনাগুলোকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী আবারো সতর্ক করে বলেছে, দক্ষিণ লেবাননের লিতানি নদী এলাকার কাছে যেন স্থানীয় বাসিন্দারা না যান। কারণ, সেখানে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তারা আরো জানিয়েছে, তাদের নিয়ন্ত্রিত এলাকায় একটি ‘সন্দেহজনক উড্ডীয়মান লক্ষ্যবস্তু’ প্রতিহত করা হয়েছে। এ ছাড়া হিজবুল্লাহ উত্তর ইসরাইলের দিকে দু’টি রকেট ছুড়েছে, যার একটি প্রতিহত করা হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হিজবুল্লাহর এক আইনপ্রণেতা শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সাথে হওয়া যুদ্ধবিরতি অর্থহীন। যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর এক দিন পরই তিনি এই মন্তব্য করেন। এই যুদ্ধবিরতির মেয়াদ রোববার শেষ হওয়ার কথা ছিল।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে উচ্চ পর্যায়ের আলোচনার পর ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরো তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। এর আগে ১৬ এপ্রিল ১০ দিনের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইসরাইল তা বারবার লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে।

লেবানন কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় দেশটিতে এ পর্যন্ত প্রায় দুই হাজার ৫০০ মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর থেকেই পুরো অঞ্চলজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।