ঝড়ে উড়ে গেছে চাল খোলা আকাশের নিচে পাঠদান

Printed Edition
bangla-3
পড়শীপাড়া রেজিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে ক্লাস চলছে : নয়া দিগন্ত

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের গফরগাঁওয়ে আকস্মিক কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে উপজেলায় পড়শীপাড়া রেজিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টির পাকা ঘরের তিনটি শ্রেণী কক্ষের টিনের চাল সম্পূর্ণ উড়ে গেছে। চাল খোলা কক্ষেই ক্লাস করছেন শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। দ্রুত সংস্কার না করা গেলে স্কুলটির শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষকরা।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহ কামরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার বিকেলে আকস্মিক কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের টিনের চাল উড়ে নিয়ে গেছে। এ অবস্থায় গত রোববার স্কুল খোলার পরে খোলা আকাশের নিচেই শিক্ষার্থীরা ক্লাস করছে। শিক্ষার্থীদের উপস্থিতি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। পাঠদান যেন ব্যাহত না হয়, সে জন্য জরুরি ভিত্তিতে টিনের চাল মেরামতের প্রয়োজন হয়ে পড়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা কামাল জানান, বিষয়টি সম্পর্কে তিনি এখনো কিছু জানেন না। তবে খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।