ফরিদপুরের নগরকান্দায় বিষপানে অসিম মোল্লা (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অসিম মোল্লা নগরকান্দা উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের সাইদুল মোল্লার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। প্রায় দেড় বছর আগে গজারিয়া গ্রামের ইবাদ ফকিরের মেয়ে পিয়া আক্তারকে বিয়ে করেন তিনি। তাদের পাঁচ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

পরিবার ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, গত ১ আগস্ট বিষ (পচানী ওষুধ) পান করেন অসিম। পরে তাকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন কিছুটা সুস্থ হওয়ায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে ফেরার পর আবার অসুস্থ হয়ে পড়লে সোমবার তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের শ্বশুর ইবাদ ফকির জানান, অসিম বিষ (পচানী ওষুধ) পান করেছিলেন। তবে কী কারণে তিনি বিষপান করেছেন, সে বিষয়ে তিনি নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

বর্তমানে অসিমের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সেখানে নিহতের দুই পরিবারের সদস্যরা অবস্থান করছেন।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, ‘মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ঢাকায় রয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’