রংপুরের ২টি আসনে ১৩ মনোনয়ন বৈধ দ্বৈত নাগরিকত্বে অবৈধ মনজুমের
Printed Edition
সরকার মাজহারুল মান্নান রংপুর ব্যুরো
প্রথম দিনের যাছাই-বাছাইয়ে রংপুর-১ ও ২ আসনে ১৩ জনের মনোনয়ন বৈধ হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মনজুম আলীর মনোনায়নপত্র বাতিল হয়েছে। গতকাল দুপুরে রংপুর ডিসি অফিসের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে এ তথ্য জানান ডিসি ও রিটার্নিং অফিসার মোহাম্মদ এনামুল আহসান। এই আসনে আটজনের মনোয়নন বৈধ হয়েছে।
রিটার্নিং অফিসার জানান, আসনটিতে ৯ জনের দাখিলকৃত মনোনয়নপত্রের মধ্যে আটজনের মনোনয়ন বৈধ পাওয়া গেছে। জাতীয় পার্টির প্রার্থী মনজুম আলী হলফ নামায় বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্যের নাগরিকত্বের তথ্য দিয়েছেন। সে কারণে আইন অনুযায়ী দ্বৈত নাগরিকের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। তাই তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে আপিল করার সুযোগ রয়েছে তার।
এ ব্যাপারে মনজুম আলী জানান, মনোনয়ন ফরমে ক্লারিক্যাল ইরর হয়েছে। সে কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। কিন্তু রিটার্নিং অফিসার বলেছিলেন সামান্য ত্রুটি হলে সেটা সেখানেই ঠিক করে দেয়া সুযোগের কথা। কিন্তু অন্যদের দিলেও তারা আমাকে দেননি। আমি আপিল করবো এবং মনোনয়ন ফিরে পাবো ইনশাআল্লাহ।
এই আসনে বৈধ মনোনয়নের প্রার্থীরা হলেন- বিএনপির মোকাররম হোসেন সুজন, জামায়াতের রায়হান সিরাজী, গণ অধিকার পরিষদের হানিফুর রহমান, এনসিপির আল মামুন, ইসলামী আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা, সমাজতান্তিক দলের আহসানুল আরেফিন, ইসলামি ফ্রন্টের মো: আনাস, বাংলাদেশ খেলাফত মজলিশের মমিনুর রহমান।
অন্য দিকে বিকেলের যাছাই-বাছাইয়ে রংপুর-২ আসনে দাখিল করা পাঁচটি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। তারা হলেন- জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির সাবেক এমপি আনিছুল ইসলাম মণ্ডল, ইসলামী আন্দোলনের মাওলানা আশরাফ আলী এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের আজিজুর রহমান।