বিভিন্ন স্থানে নিহত ৫
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে নিহত হয়েছেন পাঁচজন।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের ভাটিয়ালপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ রোমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নিহতের সাথে থাকা আরো দু’জন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ফরিদগঞ্জ ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব চরকুমিরা গ্রামের জমাদার বাড়ির মো: জসিম জমাদারের ছেলে। আহতরা হলেন- চরকুমিরা গ্রামের রফিকুল হকের ছেলে বাপ্পি (১৮) ও আব্দুর রাজ্জাকের ছেলে মো: সোহাগ (১৭)।
স্থানীয়রা জানায়, সকালে চরকুমিরা চিশতিয়া জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পরে ভাটিয়ালপুর চৌরাস্তায় মাছ কেনার জন্য পায়ে হেঁটে রওনা দেন রোমান ও তার সঙ্গীরা। ভাটিয়ালপুর চৌরাস্তা সংলগ্ন শীতল পাটোয়ারী বাড়ির সামনে আসলে পেছন দিক থেকে কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। আর আহত বাপ্পি ও সোহাগকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে পাঠান।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানসহ চালক মো: ইমরান (২৬) ও তার সহযোগী মো: ইকরামকে (২৩) আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ জানায়, আটক ইমরান ও ইকরাম সহোদর। তাদের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামে। তাদের বাবার নাম আনসার হাওলাদার। কাভার্ড ভ্যান নিয়ে তারা চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকচালক নিহত ও কয়েকজন বাস যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। আহত বাস যাত্রীদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের আগে ঢাকাগামী একটি পরিবহন দাঁড়িয়েছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি বাস সাতক্ষীরার দিকে আসছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পরিবহনের পেছন থেকে একটি টলি হঠাৎ করে বের হওয়ার পর যাত্রীবাহী বাসটি ট্রলিকে সাইড দিতে গিয়ে সামনের দিক দিয়ে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসটি উল্টে রাস্তার উপর পড়ে যায় এবং ইজিবাইকটি ভেঙে দুই ভাগ হয়ে যায়। এতে করে ইজিবাইক চালক ঘটনাস্থলেই নিহত হন। আহতরা বেশ কয়েকজন বাস যাত্রী।
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডে শাফিউল মুজনবীন দীপ্ত (২৫) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক মো: শহীদুল্লাহর একমাত্র ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, শাফিউল মুজনবীন দীপ্ত কর্মস্থল দিনাজপুর থেকে বাসযোগে নিজ বাসায় ফিরছিলেন। শুক্রবার রাত দেড়টায় সময় বাস থেকে নামার পরপরই দ্রুতগামী আরেকটি পরিবহনের চাপায় প্রাণ হারান দীপ্ত। শুক্রবার জুমার নামাজের পর তার নামাজে জানাজা শেষে তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। দীপ্তর মৃত্যুতে শোক প্রকশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির ইয়াহইয়া খান মারুফ, মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর মহাদেবপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে জিল্লুর রহমান নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরো চারজন। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে নওগঁাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান উপজেলার রানীপুকুর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে ও রানীপুকুর বাজারের চা দোকানি।
স্থানীয়রা জানান, নিহত জিল্লুর রহমান বাসা থেকে মোটরসাইকেল নিয়ে নওহাটা মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাওয়া অপর একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে তারা সবাই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের মধ্যে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন জিল্লুর রহমান ।
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়া-সান্তাহার সড়কের আদমদীঘির অদূরে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চালক সাইদুল ইসলাম (৪৫) নিহত ও নারীসহ তিনজন যাত্রী আহত হয়েছেন। আহতদের আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে মহাসড়কের বৈশাখি অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। আহতরা হলেন- নওগাঁ সদরের আদমদুর্গাপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে রাফি (১৯), আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের বেল্লাল মল্লিকের স্ত্রী রেনুকা খাতুন (৫৫) ও একই গ্রামের তয়েজ প্রামাণিকের স্ত্রী রোজিনা বেগম (৪৮)।