খুলনায় শোকসভা
গণতন্ত্রমনা ও উদার নেতৃত্বের প্রতীক ছিলেন খালেদা জিয়া : গোলাম পরওয়ার
Printed Edition
খুলনা ব্যুরো
খুলনায় গতকাল মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বেগম জিয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম স্থপতি এবং দল মতের ঊর্ধ্বে উঠে নেতৃত্ব দেয়া একজন জাতীয় নেত্রী হিসেবে অভিহিত করে তারা বলেন, রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে পুনরায় প্রত্যাবর্তনের ব্যবস্থা বেগম খালেদা জিয়া করেছিলেন, জাতি এ জন্য চিরদিন তার কাছে ঋণী থাকবে।
তারা আরো বলেন, ক্ষমতায় থাকলে অনেক সময় অহঙ্কার, দাম্ভিকতা ও কর্তৃত্ববাদী আচরণ নেতাদের মধ্যে দেখা যায়। কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এসবের প্রকাশ কখনো দেখা যায়নি। দেশ শাসন কিংবা দল পরিচালনা উভয় ক্ষেত্রেই তিনি ছিলেন সহজ-সরল, সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত এবং সবাইকে নিয়ে চলার মতো উদার মানসিকতার অধিকারী। সভায় খুলনার উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদানের কথাও
গুরুত্বের সাথে স্মরণ করা হয়।
খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় সভাপতিত্ব করেন এমইউজে খুলনার সভাপতি মো: রাশিদুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও সর্বশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন সহসভাপতি মো: নূরুজ্জামান
সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা এবং সহসাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূরের সঞ্চালনায় বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর কমান্ডার মোহাম্মদ মনিরুজ্জামান মনি, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মহানগরী জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, মহানগরী জামায়াতের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরী সহসভাপতি শেখ মো: নাসির উদ্দিন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এস কে রাশেদ, বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মাজহারুল হান্নান, সাংবাদিক শেখ দিদারুল আলম, এমইউজের সাবেক সভাপতি মো: আনিসুজ্জামান, খুলনা প্রেস ক্লাব আহ্বায়ক এনামুল হক, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, খুলনা মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা: মোস্তফা কামাল, খুলনা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান, খুলনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক আব্দুল্লাহ হোসেন বাচ্চু, কলেজ শিক্ষক পরিষদ সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট খুলনা মহানগরী সভাপতি ডা: প্রদীপ দেবনাথ, সাংবাদিক নেতা আমিরুল ইসলাম, রকিবুল ইসলাম মতি, এম এ হাসান, আহমদ মুসা রঞ্জু, মোহাম্মদ মিলন, পিপি অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার, সাবেক ছাত্রনেতা কে এম হুমায়ুন কবীর ও আজিজুল ইসলাম ফারাজী, জুলাইযোদ্ধা আল শাহরিয়ার এবং সাংবাদিক কে এম জিয়াউস সাদাত।
আলোচনা শেষে খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।