শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস

জামায়াতের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আগামীকাল ১৪ ডিসেম্বর রোববার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ হলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিতব্য এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

এ দিকে মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৫ ডিসেম্বর সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে বেলা ৩টায় অনুষ্ঠিতব্য এ আলোচনা সভায় জামায়াত আমির ডা: শফিকুর রহমান প্রধান অতিথির বক্তৃতা করবেন।

আগামী ১৬ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় যুব বিভাগের উদ্যোগে যুব ম্যারাথন/যুব র‌্যালি অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় যুব বিভাগের উদ্যোগে সকাল ৭টায় অনুষ্ঠিতব্য এ র‌্যালি শাহবাগ, কাঁটাবন, সাইন্স ল্যাব ও কলাবাগান হয়ে ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে গিয়ে মিলিত হবে। জামায়াত আমির ডা: শফিকুর রহমান র‌্যালিতে নেতৃত্ব দেবেন।

এ ছাড়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আলোচনা সভা, র‌্যালি ও দোয়ার মাধ্যমে দেশব্যাপী ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সব শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।