লটারিতে রাতারাতি কোটিপতি সন্ন্যাসী
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
মালয়েশিয়ার পেনাং অঙ্গরাজ্যের এক বৌদ্ধ সন্ন্যাসী ব্যাংকের সৌভাগ্যবান গ্রাহক নির্বাচনী ড্র-তে এক মিলিয়ন রিঙ্গিত (প্রায় এক কোটি ৮০ লাখ টাকা) জিতে রাতারাতি ধনী হয়ে গেছেন। তবে ব্যক্তিগত ভোগ-বিলাসে নয়, এই অর্থ সমাজের কল্যাণে ব্যয় করার ঘোষণা দিয়েছেন তিনি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী চান চাই সিয়াং নামের ওই সন্ন্যাসী একসময় কারখানার শ্রমিক ছিলেন। বর্তমানে তিনি একটি নির্জন আশ্রমে বসবাস করেন। ব্যাংক সিম্পানান ন্যাশনালের (বিএসএন) ‘মিলিয়নিয়ার ড্র’-এর ১২৪তম বিজয়ী হিসেবে তিনি ১০ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত পুরস্কার পান।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ব্যাংক কর্তৃপক্ষ বিজয়ীর নাম ঘোষণা করে। তবে প্রথম দিকে বিষয়টি বিশ্বাসই করতে পারেননি চান চাই সিয়াং। তিনি জানান, ব্যাংক থেকে কয়েকবার ফোন করা হলেও তিনি সেটিকে প্রতারণার চেষ্টা বলে মনে করেছিলেন। সন্ন্যাসী বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম এটি একটি প্রতারণা। তারা আমাকে প্রায় তিনবার ফোন করেছিল, কিন্তু আমি মাত্র একবার ফোন ধরেছিলাম।’
পরে ব্যাংকের কর্মকর্তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করার পর তিনি নিশ্চিত হন, পুরস্কারটি সত্যিই তার প্রাপ্য।
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো- এই বিপুল অর্থের পুরস্কার জিতলেও তার সঞ্চয় ছিল খুবই সামান্য। প্রায় ৩০ বছর আগে ধর্মীয় জীবনে প্রবেশ করা চান জানান, কয়েক বছরে তিনি মোটে দুই হাজার থেকে আড়াই হাজার রিঙ্গিত সঞ্চয় করেছিলেন। জনসাধারণের দেয়া অনুদান থেকেই মূলত এই অর্থ জমা হয়েছিল।