দুই মাস পর তেহরান বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু

Printed Edition

আলজাজিরা

দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবার বাণিজ্যিক ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম তেহরানের প্রধান এই বিমানবন্দরটি জনসাধারণের জন্য খুলে দেয়া হলো। শনিবার সকালে ইস্তাম্বুল, মাস্কাট এবং মদিনার উদ্দেশে প্রথম ফ্লাইটগুলো যাত্রা করার মাধ্যমে এই কার্যক্রম আবার চালু হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানা গেছে, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি চুক্তির অধীনে আকাশসীমা আংশিকভাবে খুলে দেয়ার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের প্রধান রামিন কাশেফ আজার জানান, বিমানবন্দরের সব ধরনের অবকাঠামো এবং নেভিগেশন সিস্টেম বর্তমানে সম্পূর্ণ সচল রয়েছে। প্রাথমিকভাবে কয়েকটি রুটে ফ্লাইট শুরু হলেও চাহিদা অনুযায়ী ধাপে ধাপে অন্যান্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানের সংখ্যা বাড়ানো হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর নিরাপত্তার স্বার্থে ইরানের আকাশসীমা এবং বিমানবন্দরগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। যুদ্ধবিরতি চলাকালে এই বিমানবন্দরটি কেবল কার্গো বা পণ্যবাহী বিমান চলাচলের জন্য সচল রাখা হয়েছিল। এর আগে গত সপ্তাহেই দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের বিমানবন্দরও আবার চালুর ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ফ্লাইট শুরু হওয়াকে দেশটিতে স্বাভাবিক পরিস্থিতি ফেরার একটি বড় লক্ষণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।