বরিশালে আইনজীবী সমিতির সভাপতি লিংকন গ্রেফতার

Printed Edition

বরিশাল ব্যুরো

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: শফিকুল ইসলাম।

পুলিশ কমিশনার জানান, আদালতের এজলাসে ভাঙচুর ও বিচারকার্যে বাধা দেয়ার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রেফতারের পরপরই আদালত প্রাঙ্গণে উত্তেজনা দেখা দেয়। জেলা আইনজীবী সমিতির আহ্বানে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন এবং তাৎক্ষণিকভাবে আদালত বর্জনের ঘোষণা দেন। তাদের সাথে সংহতি জানিয়ে আন্দোলনে অংশ নেন আইনজীবী সহকারীরাও। আদালত চত্বরজুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকা নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে।

বরিশাল জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, সকালে আদালতের কার্যক্রম শুরুর কিছুক্ষণ পরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালতে প্রবেশ করেন। এ সময় বিচারকরা বিচার কার্যক্রম স্থগিত করেন। পরে আইনজীবী সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে সভাপতি লিংকনকে আটক করা হয়। এর প্রতিবাদে আইনজীবীরা মিছিল ও আদালত বর্জন কর্মসূচি পালন করছেন।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো: ইউনুসকে জামিন দেয়ার প্রতিবাদে মঙ্গলবার মহানগর সংশ্লিষ্ট আদালত বর্জন করেন আইনজীবীরা। তারা সংশ্লিষ্ট বিচারকের অপসারণ এবং জামিন বাতিলের দাবি জানান।

জানা গেছে, গত সোমবার তালুকদার মো: ইউনুস বরিশাল অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। এর পরপরই একাংশ আইনজীবীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। মঙ্গলবার আদালত বর্জনের পাশাপাশি রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন আইনজীবী আদালতকক্ষে প্রবেশ করে হট্টগোল করেন এবং আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বিচার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় নেতৃত্ব দেয়ার অভিযোগ ওঠে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে বুধবার তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আদালতে আইনজীবীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।