ব্যাগভর্তি জাল টাকা বিএমইউ হাসপাতালে বিল দেয়ার সময় আটক ৩

রাজধানীসহ সারা দেশে গ্রেফতার ১৩৪৬

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতাল থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ সাকিব (২৭), মো: আসাদুজ্জামান (৫৩) এবং ফয়জুন্নেছা (৪০) নামে তিনজনকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গতকাল শনিবার দুপুরে তাদের আটক করা হয়। পরে তাদেরকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। তাদের তিনজনেরই বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকায়।

বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো: আশিকউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা- ১টা ১০ মিনিটে হাসপাতালে একজন রোগী অপারেশনের জন্য কাউন্টারে ২৭ হাজার টাকা জমা দিতে যান। এ সময় জমাকৃত টাকার কয়েকটি নোট সন্দেহজনক বলে শনাক্ত করেন কাউন্টারে থাকা কর্মকর্তা। পরে রোগীর ব্যাগ তল্লাশি করে মোট ৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে দুই লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জাল নোট বলে শনাক্ত করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

শাহবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতাল থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ তিনজনকে সন্ধ্যার দিকে থানায় নিয়ে আসে আনসার সদস্যরা। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানায় শাহবাগ থানা সূত্র।

মোহাম্মদপুর থেকে গ্রেফতার ১১ : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলো- ইয়াসিন (২২), রায়হান (২৩), পারভেজ (৩০), আহাম্মেদ সাদমান (২৯), সাজিদ (২২), আলামিন (২৫), ইমন (২৩), কাশেম (২৩), মাহমুদ হাসান স্বাধীন (২৩), মিঠু (৩০) ও শাকিল (২৪)।

যাত্রাবাড়ী থেকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ২: রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশী পিস্তলসহ মো: মিলন হোসেন (৩৯) ও মো: শামিল ওরফে শামিল হোসাইন (২২) নামে দু’জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি-ওয়ারী বিভাগ। শুক্রবার যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি বিদেশী পিস্তলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএমপি জানায়, গোয়েন্দা ওয়ারী বিভাগ জানতে পারে যে, ধোলাইপাড়ের গোলচত্বর সংলগ্ন টুঙ্গিপাড়া বাস কাউন্টারের সামনে অবৈধ অস্ত্রধারী লোক অবস্থান করছে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেলে বসে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তাদের কোমরের পেছনে লুকায়িত দু’টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়াও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৩৩ : সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৩৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৯০ জন এবং অন্যান্য ঘটনায় ৩৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি, দুইটি চাইনিজ কুড়াল, দুইটি বার্মিজ চাকু, একটি খুর, চারটি হাঁসুয়া, দুইটি রামদা, দুইটি চাপাতি, একটি চাকু, দুইটি ককটেল, দুইটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি বিদেশী রিভলবার এবং দুইটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।