সীতাকুণ্ডে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪

Printed Edition

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত হয়েছে আহত হয়েছে চারজন। গতকাল বুধবার সকালে উপজেলার মুরাদপুর গোপ্তাখালী মার্কেট এলাকায় একটি টমেটো ক্ষেত থেকে নিহত যুবক মো: সজিবের (২৭) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার প্রার্থিতা ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা আলীম ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এ বিরোধের জেরে মঙ্গলবার রাতে মুরাদপুর বাজারে একটি রিকশাচালকের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার টাকা পরিশোধের দায়িত্ব নেন বিএনপি নেতা আলীম। এ সময় বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগি¦তণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষের লোকজন। এতে অন্তত পাঁচজন আহত হন এবং সজিব নামে এক যুবক নিখোঁজ হন।

সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: বেলাল জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে একটি টমেটো ক্ষেত থেকে সজিবের লাশ উদ্ধার করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। স্থানীয়রা জানান, নিহত সজিবের বাড়ি মিরসরাই উপজেলার আবু তোরাব এলাকায় হলেও তিনি ছোটবেলা থেকেই সীতাকুণ্ডে নানার বাড়িতে বসবাস করতেন। তিনি যুবদল নেতা সাহাব উদ্দিনের দেহরক্ষী হিসেবে কাজ করতেন। সজিব এক কন্যাসন্তানের জনক বলে জানা গেছে।

এ বিষয়ে যুবদল নেতা সাহাব উদ্দিন দাবি করেন, বিএনপি নেতা আলীমের নেতৃত্বে একদল লোক পরিকল্পিতভাবে হামলা চালিয়ে সজিবকে হত্যা করেছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।