বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Printed Edition
artho-4
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উদযাপন উপলক্ষে গতকাল বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে মৃত্যুঞ্জয়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সরকারি কর্ম কমিশনের সাম্প্রতিক অর্জন বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ প্রধান অতিথি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: এহছানুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, ৮ এপ্রিল কেবল একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস নয়, বরং এটি দেশের প্রশাসনিক মেধা, নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতা যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মাইলফলক। উপদেষ্টা বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ এর ‘রাষ্ট্র ব্যবস্থার সংস্কার’ অধ্যায়ে শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠনের কথা বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যে ৩টি কমিশন গঠনের প্রস্তাব করেছিল বর্তমান সরকার সেটি গ্রহণ না করে ০১টি পাবলিক সার্ভিস কমিশন বহাল রাখার সিদ্ধান্ত নেন। তিনি জোর দিয়ে বলেন, একটি বিসিএস পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া এক বছরের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন। নিয়োগ প্রক্রিয়াকে আরো আধুনিক ও সময়োপযোগী করার মাধ্যমে মেধাবী তরুণদের দ্রুত রাষ্ট্রীয় সেবায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত নিষ্ঠা, পেশাদারিত্ব ও প্রজ্ঞার মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবিষ্যতে আরো আধুনিক, দক্ষ ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হবে।

তিনি সবাইকে আহ্বান জানান এমন একটি প্রশাসন গড়ে তুলতে ‘যেখানে মেধা হবে একমাত্র মানদণ্ড, ন্যায় হবে প্রতিটি সিদ্ধান্তের ভিত্তি এবং জনগণের সেবা হবে সর্বোচ্চ অঙ্গীকার’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। চেয়ারম্যান বলেন, এক বছরে একটি বিসিএস সম্পন্ন করার রোডম্যাপ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, তা যথাযথভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনিক স্বাধীনতার প্রয়োজন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কাজের সাথে অর্থের সরাসরি সম্পর্ক থাকায় দ্রুততার সাথে কাজ সম্পাদনের জন্য প্রতিষ্ঠানটির আর্থিক স্বাধীনতাও প্রয়োজন। এক বছরে এক বিসিএসের সুফল প্রাপ্তির জন্য ভেরিফিকেশনের সময় কমিয়ে আনার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া। বিজ্ঞপ্তি।