চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহী

Printed Edition
back-4
চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহী বের হয়ে যায়। অবশ্য পরে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে অজ্ঞান করে আবার খাঁচায় ঢোকানো হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে বন্দুক দিয়ে এনেস্থেসিয়া ইনজেকশন দেয়ার পর অচেতন হলে সেটিকে খাঁচায় নিয়ে যাওয়া হয়।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে বলেন, চিড়িয়াখানার মঠ এলাকায় একটা ফিমেল (নারী) সিংহ আছে, সেটা খাঁচা থেকে বের হয়ে যায়। বের হয়ে সেখানকার পানির পাম্পের পাশে হরিণের খাঁচার কাছে গিয়ে বসে। এ সময় দর্শনার্থীদের সরিয়ে দেয়া হয়। চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীরা সেখানে ঘেরাও করে রাখে।

ওই খাঁচায় একটি সিংহীই ছিল উল্লেখ করে কর্মকর্তা বলেন, তদন্ত করার পর বলা যাবে সেটা কিভাবে বের হলো। চিড়িয়াখানার কিউরেটর ড. আতিকুর রহমান বলেন, বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার দিকে একটি সিংহী খাঁচা থেকে বের হয়ে যায়। তবে সিংহীটি পাবলিকলি আসেনি। সে তার খাঁচার টেরিটোরির মধ্যেই ছিল। তিনি আরো বলেন, ঘটনার পর আমরা দর্শনার্থী খালি করে দেই। বের হয়ে যাওয়া সিংহীকে গরুর গোশত খেতে দেই। সেগুলো খেয়ে সে শান্ত হয়েছিল। পরে আমরা এনেস্থেসিয়া ইনজেকশন দিয়েছি বন্দুক দিয়ে। এরপর সিংহীটিকে খাঁচায় ফিরিয়ে নেয়া হয়।