দ্বীনি ও জাগতিক শিক্ষার সমন্বয়েই সমাজ পরিবর্তন সম্ভব : মাওলানা হাবিবুর রহমান
Printed Edition
সিলেট ব্যুরো
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আদর্শ প্রজন্ম গঠন ও সমাজের কল্যাণে দ্বীনি ইলম বা ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। দ্বীনি ও জাগতিক শিক্ষার সমন্বয় ছাড়া সমাজে প্রকৃত ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। তাই প্রতিটি পরিবারে সন্তানদের উভয় শিক্ষায় শিক্ষিত করা অপরিহার্য।
বুধবার সিলেটের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ মাদরাসার সবক প্রদান, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা জিল্লুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
মাওলানা হাবিবুর রহমান আরো বলেন, পবিত্র কুরআন ও হাদিসে জ্ঞান অর্জনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। আলেমদের মর্যাদাকে আল্লাহ উচ্চাসনে বসিয়েছেন এবং ইলম অর্জনের পথকে জান্নাতের পথ হিসেবে সহজ করে দিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ট্রেজারার অধ্যাপক ড. ইসমাইল হোসেন। তিনি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, শাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মতিউর রহমান, আইনজীবী মুহাম্মদ শফিকুল ইসলাম এবং চক্ষু বিশেষজ্ঞ ডা: আবুল হোসেন চৌধুরীসহ আরো অনেকে।
মাদরাসার শিক্ষার্থীদের অর্থসহ কুরআন তেলাওয়াত ও শিশু শিল্পীদের পরিবেশিত ‘তানযীম সঙ্গীত’ অনুষ্ঠানে আগত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে নবীন শিক্ষার্থীদের সবক প্রদান করেন শায়খ সাইদ বিন নুরুজ্জামান আল-মাদানী এবং সমাপনী বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল।
শেষে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন দরগাহ মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী।