সখীপুরে নারী ভক্তকে বাউলের ধর্ষণ, ওরশ বন্ধ

Printed Edition

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের সখীপুরে নারী ভক্তের সাথে অনৈতিক সম্পর্ক ও ধর্ষণের অভিযোগে স্থানীয় বাউল এম এ হানিফ সরকারের বাৎসরিক ওরশ বন্ধ করে দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে সখীপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। এর আগে রোববার ভুক্তভোগী এক নারী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগকারী নারী জানান, প্রায় ১০ বছর আগে হানিফ বাউলের সাথে তার পরিচয় হয় এবং তিনি তার মুরিদ হন। অভিযোগে তিনি বলেন, মুরিদ হওয়ার কিছুদিন পর থেকেই হানিফ বাউল তাকে অনৈতিক সম্পর্কে বাধ্য করতেন। ভয় দেখিয়ে বলতেন, ‘আমি তোমার জগৎস্বামী, কথা না শুনলে ইহকাল-পরকাল কোনোটাই পাবে না।’ এই ভয় দেখিয়েই তিনি দীর্ঘ দিন শারীরিক সম্পর্ক করেন বলে দাবি করেন ওই নারী।

তিনি আরো জানান, স্বামী বাড়িতে না থাকলে হানিফ বাউল রাত কাটাতেন তার বাসায়। বিষয়টি জানার পর তার প্রথম সংসার ভেঙে যায়। পরে দ্বিতীয় বিবাহ করলেও একই ঘটনা ঘটায় সেই সংসারও নষ্ট হয়। তার অভিযোগ, ‘হানিফ বাউলের কারণে আমার দু’টি সংসার নষ্ট হয়েছে। আমি তার বিচার চাই।’ অভিযুক্ত হানিফ বাউলকে মোবাইলে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় শুনে তিনি ফোন কেটে দেন।

সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, ওই ওরশস্থলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। পাশাপাশি গাজীপুরের বাসন থানার এক নারীও একই ধরনের অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল বাসন থানার আওতায় হওয়ায় অভিযোগটি সেখানে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া অনুমতি না থাকায় ওরশ অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে।