আগডুম-বাগডুম

Printed Edition

ভাল মেয়ে

জুলফিকার শাহাদাৎ

ঘরে ঢুকেই চক্ষু চড়ক, টিভির পর্দা ফাঁটা

বেলকনিতে দোলনা এবং টেবিল ক্লথ কাটা-

কে করেছে কাণ্ড এমন, কে ছিঁড়েছে বই

দৌঁড়ে এসে জাফিন বলে, আব্বু আমি নই।

ড্রয়িং রুমের সেলফে দেখি তাক পুরোটা খালি

কোথায় গেল শখের জিনিস, আর কাকে দিই গালি

হন্যে হয়ে খুঁজতে থাকি, কোথায় ফুলের টব

জাফিন বলে, আব্বু তুমি থামাও কলরব।

সোফার গদি কুসুন দিয়ে কে বানালো ঘর

জাফিন বলে, আব্বু তুমি থামাও গলার স্বর

খুঁজতে গেলাম কলমদানি, তাও দেখি নেই ঘরে

কার পিটে আজ বেত বসাবো দেখছি পরখ করে।

একটু থেমে জাফিন বলে, ভূত এসেছে ভূত

সে করেছে কাণ্ড এমন, দুষ্টু ভূতের পুত

আর কিছুটা কে করেছে বলছি তোমায় আজ

কানে কানে বলছি তোমায়, ভাইয়ামণির কাজ।


ফুলকলিরা ফোটে

মো. তাইফুর রহমান

শিশির কণার আদর পেয়ে

ফুলকলিরা ফোটে

সকাল বেলা পুব আকাশে

সোনার রবি ওঠে।

প্রজাপতি ফুলে ফুলে

আলপনা তো আঁকে

শান্ত নদীর টলমলে জল

আমায় যেন ডাকে।

উদাস কবি ছন্দ খোঁজে

নীল সবুজের হাটে

ফুল-ফসলের সঙ্গে আমার

দারুণ সময় কাটে।

আঁকাবাঁকা মেঠো পথ ওই

সবুজ ছায়ায় ঢাকা

প্রিয় দেশের ছবি আমার

হৃদয় মাঝে আঁকা।


বাংলা আমার মা

শাহানাজ শিউলী

মাগো, তোমার মিষ্টি মুখে

লাল-সবুজের আঁচল বুকে

সোনার আলো ধানের খেতে

ফুল ফোটাতে ওঠে মেতে।

তোমার মাটি অঙ্গে মেখে

দু’চোখ ভরে সবুজ দেখে

তোমার মায়া গভীর তলে

তৃষ্ণা মেটায় সিন্ধু জলে।

তোমায় দেখে সূর্য ওঠে

ফুল-পাখিদের হাসি ফোটে

তোমার গানের মধুর সুরে

সোনার তরী বায় যে দূরে।

বাংলা আমার সুখের নীড়ে

বসত করে হাজার ভিড়ে

মায়ার টানে বুকের মাঝে

ঘুমিয়ে থাকে সকাল-সাঁঝে।

মাটির গন্ধ বুকে নিয়ে

আবেশ ছড়াই সবুজ দিয়ে

বাংলা মাটির মায়ের কোলে

রক্তে ভেজা নিশান দোলে।


অচিনপুরের অদ্ভুত রাজা

আনোয়ার আল ফারুক

এক যে ছিল বড্ড রাজা তার ছিল দুই ঠ্যাং

দুপুর বেলায় রাজা খেতো আস্ত দু’টা ব্যাং

রাজার ছিলো মস্ত দেহ পেট ছিল যে ভার

এক কদমে রাজা দিতো দশটা সিঁড়ি পার।

রোজ সকালে নাস্তায় খেতো হালি হালি ডিম

স্যুপের সাথে খেতো সদা কেজি তিনেক শীম

মুরগি হাঁসের বেলায় খেত কেবল দুটো পা

রাজার আবার অনেক প্রিয় বন বাঁদুরের ছা।

হাঁটত রাজা হেলে দুলে চোখ দুটো টান টান

লম্বা চুলে থাকতো ঝুলে হাতির মতো কান

দেহ রাজার যেমন তেমন অদ্ভুতে তার হাত

ভয়ে পথিক আঁতকে উঠে হলে মোলাকাত।

সিংহের সাথে ভীষণ দোস্তি বাঘে লড়াই রোজ

তুলতো ছবি যেথা সেথায় দারুণ দারুণ পোজ

কুমির পিঠে চড়ে রাজা হতো নদী পার

এমন রাজা দেখার এখন শখ জেগেছে কার?

রদেখতে তবে অদ্ভুত রাজা চলো অচিনপুর

ভাবছ কী যে সেতো আবার অনেক বেশি দূর

না না না না, এইতো আকাশ যেথায় হল শেষ

সেথায় হল অদ্ভুত রাজার অচিনপুরের দেশ।


কুটুম পাখি

কাজী নাজরিন

কুটুম পাখি কুটুম পাখি

এসো আমার বাড়ি

দোকান থেকে কিনে দিব

হরেকরকম গাড়ি।

খেতে দিব পিঠা পায়েশ

কোর্মা পোলাও ডিম

কোলে নিয়ে করব আদর

আনন্দে রিমঝিম।

গান কবিতার তালে তালে

কুটুম পাখি হাসে

মিটমিটিয়ে হেলেদুলে

ঘুরে আসেপাশে।


কুটুম পাখি

কাজী নাজরিন

কুটুম পাখি কুটুম পাখি

এসো আমার বাড়ি

দোকান থেকে কিনে দিব

হরেকরকম গাড়ি।

খেতে দিব পিঠা পায়েশ

কোর্মা পোলাও ডিম

কোলে নিয়ে করব আদর

আনন্দে রিমঝিম।

গান কবিতার তালে তালে

কুটুম পাখি হাসে

মিটমিটিয়ে হেলেদুলে

ঘুরে আসেপাশে।


মরুভূমির ফুল

আমির বিন সুলতান

সাহারা মরুর বুকে

ফুটিলো যে ফুল

আলামিন উপাধি যার

মুহাম্মাদ রাসূল।

যার প্রেমে মতোয়ারা

এ সারা জাহান

যার স্বয়ং বন্ধু হলো

আল্লাহ মহান।

যার তশরিফ ধরার মাঝে

রহমত ঝড়ে

যার দরুদ কুল-কায়েনাত

হরদম পড়ে।

ভেদাভেদ ছিল না যার

সবার যে সমান

আখলাকে হাসানা তার

কুরআনে প্রমাণ।