ঘরোয়া ফুটবল শুরু নিয়ে অনিশ্চয়তা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

গত পরশু ছিল এবারের বাংলাদেশ ফুটবল লিগের জন্য কাব লাইসেন্সিংয়ের জন্য শেষ দিন। তবে বসুন্ধরা কিংস ও ইয়ংম্যান্স কাব ফকিরেরপুল এই নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্স করতে পারেনি। কারণ তাদের পক্ষে ফিফার নিষেধাজ্ঞা তুলে নেয়া সম্ভব হয়নি। লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এখনো ফিফার সাসপেনশন থেকে মুক্তির চেষ্টা করছে। রানার্সআপ আবাহনী অবশ্য ফিফার নিষেধাজ্ঞা তুলে নিতে সক্ষম হয়েছে। অন্য দিকে ঘরোয়া ফুটবলে আরো কিছু কাব যারা এখনো কাব লাইসেন্সিংয়ের সব শর্ত পূরণ করতে পারেনি। আবাহনী এবং বসুন্ধরা কিংসের উপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় এই দুই কাবকে নিয়ে বাফুফে আজ আয়োজন করতে পারেনি মৌসুম শুরুর চ্যালেঞ্জ কাপ। এবার এই আসর এই নামে আর না করার ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। এখন কাবগুলোর এই অনিশ্চয়তায় ২৫ আগস্ট থেকে ফেডারেশন কাপ এবং ২৮ আগস্ট থেকে বাংলাদেশ ফুটবল লিগ শুরু নিয়েও সিদ্ধান্ত হীনতায় বাফুফে। ফলে ফেডারেশন কাপ ও লিগ শুরুটা পিছিয়ে যেতে পারে। তবে ফিফার কঠোর শর্তে কাবগুলোকে ফুটবলার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ৩ সেপ্টেম্বরের মধ্যে। উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল বাফুফের সভায় লিগ ও ফেডারেশন কাপ শুরু নিয়ে সিদ্ধান্ত হবে।

অন লাইনে ফুটবলারদের নাম রেজিস্ট্রেশনের নিয়ম। এর পরও দর্শক প্রিয় মোহামেডান স্পোর্টিং কাব ঢাক ঢোল পিটিয়ে খেলোয়াড়দের ঘোড়ার গাড়িতে চড়িয়ে বাফুফে ভবনে নিয়ে আসে। অন্য দলগুলো সেভাবে সক্রিয় হয়নি। তারা আরো সময় চায়। অবশ্য বাফুফে ইচ্ছে করলে এএফসি-ফিফার সাথে কথা বলে খেলা কাব লাইসেন্সিংয়ের সময় বৃদ্ধি করতে পারে। তবে কোনোভাবেই ৩ সেপ্টেম্বরের ফিফার নির্ধারিত তারিখ অতিক্রম করা যাবে না।

তিন কাব ফিফার সাথে লড়াই করেছেন ও করছে। তবে অন্য কাবগুলো কেন দল বদলে এখনো পুরোপুরি মাঠে নামেনি। জানা গেছে, তারা আছে সুযোগের অপক্ষোয়। বসুন্ধরা কিংস যদি শেষ পর্যন্ত ফিফার সাথে ফুটবলার বিষয়ে ঝামেলা মিটিয়ে ফেলতে না পারে তাহলে এই কাবগুলো বসুন্ধরার ফুটবলারদের সস্তায় নিতে চাইবে। ইয়ংম্যান্সও যদি ফিফার সবুজ সঙ্কেত না পায় তাহলে এই খেলোয়াড়রাও পেটেভাবে অন্য কাবে খেলবে বা কাব হীন হয়ে বিভিন্ন এলাকায় খ্যাপ খেলবে। ফলে কয়েক কাব এখনো অপেক্ষায় আছে বসুন্ধরা কিংস ও ইয়ংম্যান্সের শেষ পরিণতি দেখতে।

বসুন্ধরা কিংস যদি খেলতে না পারে তাহলে সেটা হবে দেশের ফুটবলের জন্য বড় ক্ষতি। বাফুফে অবশ্য বিকল্প হিসেবে তিনটি দলকে রেখেছে। এর মধ্যে আবাহনী এখন ফিফার নিষেধাজ্ঞা মুক্ত। এখন বসুন্ধরা কিংস ও ইয়ংম্যান্স ৩ সেপ্টেম্বরের মধ্যে বাফুফে ও ফিফার শর্ত পূরণ করতে পারলে খেলতে পারবে। তখন ১৩ দলের লিগ হবে।