বিকল্প হিসেবে চীন যাবে হকি দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

গতকালই ১৮টি ম্যাচ খেলার জন্য জার্মানি যাওয়ার কথা ছিল এশিয়ান গেমসের জন্য প্রস্তুতিরত বাংলাদেশ জাতীয় হকি দলের। তবে গতকাল পর্যন্ত জার্মানির ভিসা পায়নি হকি দল। ফলে কোচ পিটার গেরহার্ড রাচের অধীনে ইউরোপে খেলতে যাওয়ারা অনিশ্চিতই হয়ে গেছে হকি দলের। ফলে বিকল্প হিসেবে চীনের সাথে ছয়টি ম্যাচ খেলার ব্যবস্থা করে রেখেছে বাংলাদেশ। জানান বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স। তার মতে ভিসা পাওয়ার পুরো বিষয়ই ঝুলে আছে, জার্মান রাষ্ট্র্রদূতের ওপর। তিনি সই করলেই বাংলাদেশ দলের জার্মানি যাওয়া হবে। এ জন্য আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবÑ না হলে চীন যাবো।

চীনে বেইজিংয়ে চীন জাতীয় দলের সাথে ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর সেখান থেকে সরাসরি জাপান যাওয়ার কথা এশিয়ান গেমসের জন্য।

এ দিকে এশিয়ান গেমসে খেলতে জাপান যাওয়া বাংলাদেশ নারী হকি দলও চীন যাবে। অবশ্য তারা যাবে অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়ান কাপ খেলতে। সাথে পুরুষ অনূর্ধ্ব-২০ দলও যাবে। সেখানে বাংলাদেশ নারী দল খেলবে চ্যালেঞ্জার্স গ্রুপে। এতে গ্রুপে তাদের প্রতিপক্ষ কাজাখস্তান, চাইনিজ তাইপে, হংকং ও পাকিস্তান। এলিট গ্রুপে খেলবে চীন , জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। তবে চীন যাওয়া হচ্ছে তা নারী হকি দলের ৫ সিনিয়র খেলোয়াড়ের। তারা হলেনÑ ফারদিয়া আক্তার রাত্রি, মহুয়া, অর্পিতা পাল, রিতু আক্তার ও ধনু চিং মারমা। এরা পরে দলের সাথে যোগ দেবেন জাপানে। এ ছাড়া নাদিরার যাওয়া হচ্ছে না ইনজুরির জন্য। বর্তমানে নারী হকি দল বিকেএসপিতে অনুশীলন করছে।