বল ভাগ করে নিলেন ২ বোলার
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করলে স্মারক হিসেবে ম্যাচের বলটি নিজের কাছে রাখার রীতি আছে। কিন্তু একই ইনিংসে দুই বোলার পাঁচ উইকেট নিলে বলটি কার কাছে থাকবে? ইংল্যান্ডের জশ টাং ও অলি রবিনসন বের করলেন অভিনব সমাধান। বলটিই কেটে দুই ভাগ করে নিলেন তারা।
হেডিংলিতে পাকিস্তানের বিপে গত পরশু প্রথম টেস্টের প্রথম দিনেই দু’জনই পাঁচ উইকেট শিকার করেন। টাং নেন ৫-৪৬, আর রবিনসনের শিকার ৫-৫১। তাদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র ১৭১ রানে অলআউট হয়। পাকিস্তানের হয়ে আবদুল্লাহ শফিক সর্বোচ্চ ৬১ এবং ইমামুল হক ৪২ এবং সালমান আগা ২১ রান করেন। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেটে ১১২ রান।
দিন শেষে টাং জানান, মাঠ ছাড়ার সময় রবিনসন প্রস্তাব দেন বলটি অর্ধেক করে নেয়ার। গ্রাউন্ডস্টাফকে দায়িত্ব দেয়ার পর মাত্র ৫ মিনিটের মধ্যেই বলটি দুই ভাগ করে দেয়া হয়। রবিনসনও সংবাদ সম্মেলনে নিজের পাওয়া অর্ধেক বলটি দেখান।
রবিনসন বলেন, ক্রিকেট বলের অর্ধেক সাধারণত কারো কাছে থাকে না। তাই এটি তাদের জন্য বিশেষ স্মৃতি হয়ে থাকবে। একই ইনিংসে ইংল্যান্ডের দুই বোলারের পাঁচ উইকেট নেয়ার ঘটনাও দীর্ঘ দিন পর দেখা গেল। এর আগে ২০০৬ সালে পাকিস্তানের বিপে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে স্টিভ হার্মিসন ও মন্টি পানেসার একই ইনিংসে পাঁচ উইকেট করে নিয়েছিলেন।
এই পারফরম্যান্সের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন ৩২ বছর বয়সী রবিনসন। দুই বছরের বেশি সময় পর চলতি গ্রীষ্মে ইংল্যান্ড দলে ফেরার পর নিউজিল্যান্ডের বিপে লর্ডস টেস্টেও পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। হেডিংলিতে এটি তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম পাঁচ উইকেটের কীর্তি।
এখন পর্যন্ত ৮৮ টেস্ট উইকেট নিয়েছেন রবিনসন, গড় ২১.২৫। ১৯১৪ সালের পর ইংল্যান্ডের কোনো পেসার এত উইকেট এত ভালো গড়ে নিতে পারেননি। এ দিকে দ্বিতীয় দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই উইকেটের বিনিময়ে ১৫১ রান করেছে স্বাগতিকরা। অধিনায়ক জো রুট ৪৬ ও জর্ডান কক্স ৪৮ রানে অপরাজিত রয়েছেন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলী একটি করে উইকেট নেন।