প্রতিটি ক্ষেত্রে কুরআনের আলোকে জীবন গঠন করতে হবে : ধর্ম উপদেষ্টা
Printed Edition
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের প্রতিটি ক্ষেত্রে কুরআনের আলোকে জীবন গঠন করতে হবে। কুরআন থেকে দূরে চলে গেলে আমরা দেশপ্রেমিক হতে পারব না। দেশপ্রেমিকরা কখনো বিদেশে টাকা পাচার করতে পারে না। আমরা সমাজকে দুর্নীতি মুক্ত করতে চাই।
গতকাল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কুমিল্লা আল কুরআন একাডেমি আয়োজিত আন্তর্জাতিক কিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরে সুযোগ এসেছে আলেম-ওলামার ক্ষমতায় আসার। এবার যদি ভুল করেন তাহলে আরো ৫৪ বছর অপেক্ষা করতে হবে। সর্বত্র কুরআনের চর্চা করতে হবে। আমরা দেশের কারাগারগুলোর মধ্যে কুরআনের তালিম দেয়া শুরু করেছি।
তিনি বলেন, আমি শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের কারাগারগুলোতে লক্ষাধিক বই হস্তান্তর করব ইনশা আল্লাহ।
কিরাত সম্মেলনে বাংলাদেশের কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আজহারি, মিসরের শাইখ আহমাদ আল জাওহারি, পাকিস্তানের কারি আনওয়ারুল হাসান শাহ বুখারি, ইরানের কারি মাহদি গোলাম নেজাদ, ফিলিপাইনের কারি মুহাম্মাদ নাজির আসগার পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন।
কুমিল্লা আল কুরআন একাডেমির সভাপতি আলহাজ মু: নূরুদ্দিন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি ড. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় আন্তর্জাতিক এই কিরাত সম্মেলনে বক্তব্য রাখেন তা’মীরুল উম্মাহ ট্রাস্টের সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ। উপস্থিত ছিলেন- ইনসাফ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, আল কুরআন একাডেমির অর্থ সম্পাদক ফয়েজ আহম্মেদ, গোমতী হসপিটালের চেয়ারম্যান ডা: মজিবুর রহমান, ভিক্টোরিয়া কলেজের জিএস সানাউল্লাহ মজুমদার, সম্মেলন পরিচালনা কমিটির সদস্য আবু সায়েম, গোলাম সামদানী প্রমুখ।
অনুষ্ঠানে কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।