কাতারে ফিনালিসিমায় স্পেন-আর্জেন্টিনা
Printed Edition
ক্রীড়া ডেস্ক
কাতারের লুসাইল আইকনি স্টেডিয়ামে তিন বছর আগে বিশ্বকাপ শিরোপা জয়ে উৎসবে মেতেছিল আর্জেন্টিনা। সেখানেই এবার আরেকটি ট্রফি জয়ের মিশনে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্পেন। এবার বিশ্বকাপ নয়, ইউরোপ ও ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই ‘ফিনালিসিমায়’ লিওনেল মেসিরা মুখোমুখি হবেন তরুণ তুর্কি লামিনে ইয়ামালদের। আগামী ২৭ মার্চ স্থানীয় সময় রাত ৯টায় দুই চ্যাম্পিয়ন দলের মধ্যে এক ম্যাচের শিরোপা লড়াইটি মাঠে গড়াবে।
দুই মহাদেশের চ্যাম্পিয়নদের মধ্যে হওয়া এই ম্যাচটিকে বলা হয় ‘ফিনালিসিমা’। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত বছর ১৪ জুলাই ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। ওই দিন কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় করে আর্জেন্টিনা। এ পর্যন্ত দুই দলের ১৪ বার মুখোমুখি লড়াইয়ে দু’টি ম্যাচ ড্র আর সমান ছয়বার করে জিতেছে আর্জেন্টিনা ও স্পেন। এবার এগিয়ে যাওয়ার পালা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও ২০১০ আসরের চ্যাম্পিয়নদের।