সিলেটে যৌথবাহিনীর অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার

Printed Edition

সিলেট ব্যুরো

র‌্যাব-৯ ও সেনাবাহিনীর অভিযানে হবিগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর রাতে র‌্যাব-৯ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন পিনাউরা কমিউনিটি ক্লিনিকের পেছনের ঝোপ থেকে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় পরিত্যক্ত তিনটি এয়ারগান উদ্ধার করা হয়।

একই দিন দুপুরে পৃথক আরেকটি অভিযানে র‌্যাব-৯ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন চিকনাছড়া চা-বাগানের পাহাড়ের গুহার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় আরো দুটি এয়ারগান উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অদ্যাবধি সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ৪২টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ছয়টি ম্যাগজিন, ২৬ হাজার ৫৭০ গ্রাম বিস্ফোরক, ১৩৬টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১২৪টি এয়ারগান উদ্ধার করেছে যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। এর ধারা অব্যাহত রয়েছে।