ভুল করলে খেসারততো দিতেই হবে : বাটলার
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
থাইল্যান্ডের সাথে দুই ম্যাচে হারের পর মালয়েশিয়া ও আজারবাইজানের কাছে হার। টানা চার হারে বছর শেষ করেছে সাফ চ্যাম্পিয়ন এবং এশিয়ান কাপে কোয়ালিফাই করা বাংলাদেশ দল। এখন মার্চের এশিয়ান কাপের আগে তাদের আগামী বছর আরো কয়েকটি ম্যাচ আছে। কাল আজারবাইজানের কাছে হারের পর বাংলাদেশ কোচ বলেন, আজারবাইজান বেশ শক্তিশালী দল। টেকনিক্যালি তাদের খেলোয়াড়রা ভালো। তবে আপনি যদি ভুল করেন সেটার খেসারততো দিতেই হবে। আমরা যে গোলটি প্রথমে খেয়েছি সেই সময় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটা এড়ানো যেত। এ ছাড়া ফুটবলাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল কাউন্টারে দ্বিতীয় গোল হজমের সময়। প্রতিপক্ষ কিন্তু দ্রুতগতির কাউন্টারে ওই গোলটি পেয়েছিল।
বাটলার আরো উল্লেখ করেন, মালয়েশিয়ার বিপক্ষে আমরা যে ম্যাচটি খেলেছিলাম সেই ম্যাচের চেয়ে আজারবাইজান অনেক শক্তিশালী। আমরা কিছু উঠতি খেলোয়াড়কে সুযোগ দিয়েছি। ডিফেন্ডার নবীরন দারুণ খেলেছে।
এরপর বাংলাদেশে লম্বা সময় ধরে নারী ফুটবল লিগ না হওয়াও সমালোচনা করেন এ ব্রিটিশ কোচ। জানান, অনেক দিন ধরে লিগ হয় না। খেলোয়াড়রা টাকা-পয়সা পায় না। এরপরও তারা ভালো খেলছে । সেরাটা দেয়ার চেষ্টা করছে। আমিতো জাদুকর নই যে আমিই করে দেবো।
এ দিকে আজারবাইজানের কোচ আসগারভ সালইয়াসাত বলেন, ‘আমাদের ফুটবলাররা ইউরোপে লিগ খেলে। তারা শারীরকভাবেই সুঠামদেহী ও দীর্ঘদেহী। এ দুই ক্ষেত্রেই পিছিয়ে ছিল বাংলাদেশের খেলোয়াড়রা। এরপরও তারা বেশ ভালো খেলেছে।’ এরপর যোগ করেন, ‘বাংলাদেশ আগের ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরেছিল। আসলে সেই ম্যাচে জেতার কথা ছিল বাংলাদেশেরই। এখন বাংলাদেশ আমাদের বিপক্ষে যে ম্যাচ খেলেছে তা যদি এশিয়ান কাপে উজবেকিস্তানের বিপক্ষে খেলতে পারে তাহলে বাংলাদেশই জিতবে।
ম্যাচে বাংলাদেশের বিপক্ষে গোল দিয়েই একটি গেঞ্জি প্রদর্শন করেন আজারবাইজানের স্ট্রাইকার জাফারজাদা শিভিঞ্জ। কেন এ গেঞ্জি প্রদর্শন। এর নেপথ্য জানান কোচ আসগারভ। তার দেয়া তথ্য, ‘দুই বছর আগে এ দিনে মাকে হারিয়েছেন জাফারজাদা। তাই গোল করেই কাঁদতে থাকেন তিনি। প্রদর্শন করেন গেঞ্জি। আমরা ম্যাচের আগের দিন অনুশীলনেই পরিকল্পনা করেছিলাম, জাফারজাদা যদি গোল করতে পারে তাহলে তা মাকে স্মরণ করা গেঞ্জি প্রদর্শন করা হবে। গোলটিও তার মাকে উৎসর্গ করা হলো।’