নতুন পরিকল্পনা নিয়ে শান্তা জাহান
Printed Edition
বিনোদন ডেস্ক
এই প্রজন্মের অনেকের কাছেই অনুপ্রেরণার নাম শান্তা জাহান। দীর্ঘদিন ধরেই উপস্থাপনা করে যাচ্ছেন তিনি। কিছু দিন আগেও যুক্তরাষ্ট্রে একটি শোতে উপস্থাপনা করে এলেন। দেশে ফিরেও একের পর এক স্টেজ শো, টিভি শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন শান্তা জাহান। এরই মধ্যে তিনি জানালেন নতুন ইংরেজি বছর ২০২৬-এ জীবনকে নতুন করে সাজাবেন তিনি। শান্তা জাহান বলেন, ‘সত্যি বলতে কী, বহু বছর যাবত উপস্থাপনার সাথে আমি যুক্ত। প্রতিনিয়তই কোনো না কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছি, হয় সেটি স্টেজ শো; নয় টিভি শো। দেশের বাইরেও স্টেজ শো করছি। তবে হ্যাঁ, বিগত বেশ কয়েক বছর যাবত কোয়ালিটির দিকে মনোযোগও দিচ্ছি। যেকোনো অনুষ্ঠানেই উপস্থাপনার জন্য ডাক এলে যে করছি তাও নয়। বুঝেশুনে অনুষ্ঠানের গুরুত্ব বুঝেও উপস্থাপনা করছি। যে কারণে আগের মতো সব অনুষ্ঠানের উপস্থাপনাতেও আমাকে দেখা যায় না। অনেকেই আমার কাছে জানতে চান উপস্থাপনায় ভবিষ্যৎ কেমন, আমি তাদের বলি- নিজের মতো করে এখানে নিজের মেধা দিয়ে, পরিশ্রম করে জায়গা করে নিতে পারলে উপস্থাপনায় এখানে যে কেউ উজ্জ্বল ভবিষ্যৎ করে নিতে পারে। তবে আমি এখন উপস্থাপনার পাশাপাশি নতুন কিছু করার কথাও ভাবছি। অভিনয় তো টুকটাক করি বা করেছিও। বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছি। ভাবছি এর বাইরে নতুন কিছু করব নতুন বছরে। সেটি নিয়েই পরিকল্পনা চলছে। আমার খুব কাছের কিছু মানুষ জানেন আমি কী করব, আপাতত নিজেকে গুছিয়ে নিচ্ছি। সময় হলেই সবাইকে জানান দেবো। বাকিটা আল্লাহ ভরসা।’ শান্তা জাহানকে সর্বশেষ তারিকুল ইসলামের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস। দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত টিভি চ্যানেলে তিনি নিয়মিত উপস্থাপনা করেন। আবার স্টেজ শোতেও নিয়মিত তিনি। তবে আনুপাতিক হারে কাজের ব্যস্ততা এখন আগের চেয়ে একটু কম। দিঠি ও ইউসুফের গাওয়া ‘একটি কথা হয়নি বলা’ গানে মডেল হয়েছেন তিনি। এই গানটিতে মডেল হয়েও বেশ সাড়া পেয়েছিলেন তিনি। শান্তা জাহান আরো বলেন, শান্তা জাহান বলেন, ‘মূলত উপস্থাপনাই আমার মূল পেশা। তবে কিছু ভালো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। বেশ ভালো সাড়াও পেয়েছি। অভিনয় করেছি নাটকেও। নাটকে অভিনয় করেও অভূতপূর্ব সাড়া পেয়েছি। এরই মধ্যে যে আর নাটকে কাজ করার প্রস্তাব পাইনি এমনটি নয়। পেয়েছি; কিন্তু মনের মতো কোনো গল্প যেমন পাইনি, পাইনি চমৎকার চরিত্র। আবার বহু আগেই আমি বলেছিলাম যে, ভালো গল্পের সিনেমাতে অভিনয় করতে চাই। যদি সব মিলিয়ে ভালো না হয় , ব্যাটে বলে না মিলে তাহলে সিনেমাত্রে অভিনয় করব না। অর্থাৎ- যাই করি না কেন, আমি আমার ইমেজ অক্ষুণœ রেখেই পারফেক্ট কাজটি করতে চাই।’